হামুর চুমো
প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়। এতেই কি মাথাটা বিগড়ে গিয়েছিল ম্যাক্সিম হামুর? ম্যাচ শেষে তাঁর সাক্ষাৎকার নেওয়া ইউরোস্পোর্টের প্রতিবেদক ম্যালি টমাসকে জোর করে চুমো দিয়ে বসলেন ফরাসি এই টেনিস খেলোয়াড়। আর সরাসরি সম্প্রচার হওয়ায় দৃশ্যটি দেখেছেন অনেকেই। সাক্ষাৎকার নিতে গেলে টমাসের কাঁধে হাত দিয়ে টেনে হামু তাঁর কাছে নিয়ে যান। এরপরই চুমো দেন টমাসের ঘাড়ে। টমাস কিছুটা বিব্রত হলেও নিজের কাজটি ঠিকঠাকভাবে করে যাচ্ছিলেন। কিন্তু হামু আবার একই কাজ করেন। সাক্ষাৎকার শেষে টমাসের নিজেকে ছাড়িয়ে নিতে একটু কষ্টই করতে হয়েছে। এমন ঘটনার জন্য হামুর অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নিয়েছে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ। সাক্ষাৎকারটা সরাসরি সম্প্রচার না হলে হামুকে ঘুষি দিতেন বলে জানিয়েছেন টমাস। এর আগে বাছাইপর্বের ম্যাচ চলাকালে আম্পায়ারকে হামু জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি এখানে কী করছ?’ এএফপি