হামেস রদ্রিগেজের অজানা ১০

এলাম, দেখলাম, জয় করলাম—হামেস রদ্রিগেজের জন্য এবারের বিশ্বকাপটা ছিল এমনই। ক্লাব ফুটবলে দলবদলের বাজারে গোল্ডেন বুট-বিজয়ী কলম্বিয়ান স্ট্রাইকারের দাম ছিল আকাশছোঁয়া! তাঁকে আনতে রিয়ালকে খরচ করতে হয়েছে ৮ কোটি ইউরো। গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজের পর রদ্রিগেজ এখন বিশ্বের চতুর্থ দামি খেলোয়াড়। জেনে নিন এই ‘দশ’ নম্বর খেলোয়াড়ের ১০ অজানা তথ্য—
নামে কী আসে
শেকসপিয়ার বহু আগেই বলেছিলেন, হোয়াটস ইন আ নেম? নামে কী বা এসে যায়, রদ্রিগেজের ক্ষেত্রে এসে যায়। ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ডের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছিলেন তাঁর বাবা উইলসন হামেস রদ্রিগেজ বেদোয়া ও মা মারিয়া দেল পিলার রুবিও। ইংরেজি বানান দেখে বিশ্ব একটা দীর্ঘ সময়ে জেমসই উচ্চারণ করেছে। বিশ্বকাপ চলার সময় রদ্রিগেজ নিজেই শুধরে দিয়েছেন, কলম্বিয়ান ভাষায় উচ্চারণটা জেমস নয়, ‘হামেস।’ ‘জে’ এর উচ্চারণ যে হয় ‘হ’।
উত্থান পর্ব
রদ্রিগেজের শুরুটা এনভিগাদো এফসিতে। কলম্বিয়ার দ্বিতীয় বিভাগের এ ক্লাবে শুরু করেন ২০০৬ সালে। জন্মস্থান কুকুতা থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থান ক্লাবটির। এ ক্লাবেই খেলেছেন ফ্রেডি গুয়ারিন, দোয়ারলান পাবোন ও হুয়ান ফার্নেন্দো কিনতেরোর মতো স্বনামধন্য খেলোয়াড়েরা।
তোতলামি
ছেলেবেলায় তোতলামির সমস্যা ছিল রদ্রিগেজের। সমস্যা কাটিয়ে উঠতে ‘বাক্যালাপ বিশেষজ্ঞে’র কাছেও যেতে হয়েছে। সমস্যাটা এখনো রয়েছে। রদ্রিগেজ যখন সাংবাদিকদের সামনে কথা বলেন, তখন বিষয়টি লক্ষ করা যায়।
শৈশবের নায়ক
বেড়ে ওঠার দিনগুলোয় রদ্রিগেজের দুজন নায়ক—একজন সুবাসা ওজোরা। এটি জাপানি কার্টুন ‘ক্যাপ্টেন সুবাসা’র চরিত্র। কার্টুনে দেখানো হয়, একটি ছেলে জাপানের হয়ে বিশ্বকাপ জিততে চায়। আরেক নায়ক—নতুন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। বোঝাই যাচ্ছে, রদ্রিগেজ কেন রিয়ালে খেলতে চেয়েছেন।
রিয়ালই প্রথম পছন্দ
শেষতক নাম লিখিয়েছেন স্বপ্নের রিয়ালে। তবে কাতালানদের ডেরায় ভিড়তে একবার চেষ্টা চালিয়েছিলেন। না, বার্সায় নয়; ২০১০ সালে আরেক কাতালান ক্লাব এসপানিয়লে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তা বাস্তবে রূপ নেয়নি।
ডাক নাম বিভ্রাট
অনেক সময় রদ্রিগেজকে ডাকা হয় ‘এল দিয়েজ’ বা ‘দশ নম্বর’ নামে। তবে কখনো কখনো কেউ কেউ ভুল করে লিখে ফেলেন ‘এল বানদিদো’ বা ‘ডাকাত’!

ঘর-সংসার
কলম্বিয়ান তারকা বিয়ে করেছেন দানিয়েলা অসপানাকে। নামের শেষ অংশটুকু নিশ্চয় চেনা চেনা লাগছে। ঠিক ধরেছেন, দানিয়েল রদ্রিগেজের সতীর্থ, কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপানার বোন। রদ্রিগেজ-দানিয়েল দম্পতির এক কন্যা সন্তান, নাম সালোমি। খেয়াল করবেন, গোল করার পর প্রায়ই শরীরে আঁকা একটি উল্কিতে চুমু খান রদ্রিগেজ। ওটা আসলে সালোমির নাম।
দুরন্ত প্রতিভা
২০০৯ সালে আর্জেন্টিনা লিগে রদ্রিগেজ হন সেরা তরুণ ও সর্বোচ্চ গোলদাতা। এবার বিশ্বকাপেও যে তিনি তীব্র আলো ছড়াবেন তা কেউ ভেবেছিল? লিওনেল মেসি, নেইমার, টমাস মুলার—সবাইকে ছাপিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে বুঝিয়েছেন, তিনি খাঁটি হীরা!
ছাত্র ভালো
রদ্রিগেজের কাছে ফুটবল আর খাতা-কলম দুটোই সমান। খেলায় যেমন তুখোড়, পড়াশোনাতেও দারুণ। পেশাদার ফুটবলের রাজ্যের ব্যস্ততার মধ্যেই রদ্রিগেজ ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ইউনিভার্সিদাদ ন্যাসিওনাল আবিয়ের্তা-এ।
নামে টানে
ফুটবলের বাইরে রদ্রিগেজ বাস্কেটবলের বিরাট ভক্ত। কাকতালীয় হলেও সত্য, তাঁর প্রিয় বাস্কেটবল খেলোয়াড়ের নামও ‘জেমস’, লেব্রন জেমস! বিশ্বকাপে রদ্রিগেজের সাফল্যের পর লেব্রন টুইট করেছিলেন, ‘বিশ্বকাপে ও আমার প্রিয় খেলোয়াড়! অবশ্যই নামের কারণে।’
