হাম্বানটোটা অমনটা আর চায় না
প্রথম ওয়ানডেতে ফ্লাডলাইট-বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আজ দ্বিতীয় ওয়ানডেতে যাতে এ দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ফ্লাডলাইট নিভে যাওয়ায় পরশু দুই দফায় ৯৯ মিনিট খেলা বন্ধ ছিল হাম্বানটোটায়।প্রথমে বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে বন্ধ হয়ে যায় একটি টাওয়ার। এরপর ইনিংস বিরতিতে বন্ধ হয়ে যায় পশ্চিম প্রান্তের দুটি টাওয়ারই। খেলা শুরু হতে তখন দেরি হয় ৮৫ মিনিট। শ্রীলঙ্কার ইনিংস কমে নেমে আসে ৪১ ওভারে। দুটি টাওয়ারের জন্য একটি করে জেনারেটর আছে ওই মাঠে, প্রতিটি জেনারেটরের আবার আছে বিকল্প। পরশু প্রথম দফায় খেলা বন্ধ হয়েছিল একটি জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায়। পরে বিকল্প জেনারেটরটি দিয়ে কাজ চালানো হচ্ছিল, কিন্তু ইনিংস মাঝের বিরতিতে সেটাও নষ্ট হয়ে যায়। পরে দক্ষিণ প্রান্তের জেনারেটর এনে ম্যাচ শেষ করা হয়। আজকের ম্যাচের জন্য কলম্বো থেকে বাড়তি দুটি জেনারেটর আনা হয়েছে। ওয়েবসাইট।