হাম্বানটোটায় ‘আফ্রিকান ডার্বি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগট্যাগ গুছিয়েই আজ জিম্বাবুয়ে মাঠে আসবে কি না, কে বলতে পারে! টি-টোয়েন্টি বিশ্বকাপটা আজই শেষ হয়ে যেতে পারে তাদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে গো-হারা হারার ৪৮ ঘণ্টার মধ্যেই আবারও মাঠে নামতে হচ্ছে টানা ১৩ ম্যাচ হারা জিম্বাবুয়েকে। হাম্বানটোটায় তাদের প্রতিপক্ষ প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা। হারলেই শেষ জিম্বাবুইয়ানদের বিশ্বকাপ।ছোট প্রতিপক্ষ। ক্রিকেটের এই সংস্করণটাও ছোট। মুহূর্তের অসতর্কতাই ডেকে আনতে পারে বিপর্যয়। দক্ষিণ আফ্রিকানরা হেলায়ফেলায় নিতে পারছে না ম্যাচটিকে। তা ছাড়া জিম্বাবুয়ে দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। আর এটাই তাদের বিপজ্জনক করে তুলেছে বলে মনে করেন হাশিম আমলা। আমলা ভোলেননি কিছুদিন আগে আনঅফিশিয়াল তিন জাতি সিরিজে ফাইনালে হারের স্মৃতি। রান করাটাকে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলা প্রোটিয়া ব্যাটসম্যান কাল তাই উচ্চারণ করলেন সতর্কবাণী, ‘জিম্বাবুয়ে পেশাদার দল। তারা অবশ্যই পারফরম্যান্সের উন্নতি চাইবে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুত হয়েই আসব। তারা যা-ই করুক না কেন, আমাদের অবশ্যই তাদের চেয়ে ভালো করতে হবে।’জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার জানেন টুর্নামেন্টে টিকে থাকতে হলে কী করতে হবে। তবে কাজটা যে কঠিন, সেটাও জানেন বুচার, ‘টুর্নামেন্টে টিকে থাকার জন্য এটাই আমাদের শেষ সুযোগ। আর এটা করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে যেমন খেলেছি, তার চেয়ে অনেক উন্নতি করতে হবে।’ এএফপি।