হাম্মামের অপেক্ষায় কনকাকাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকা ঘুরে উত্তর আমেরিকা গেছেন সেপ ব্ল্যাটার। নির্বাচনী প্রচারণা মসৃণভাবে এগিয়ে চলছে ফিফার বর্তমান সভাপতির। কিন্তু মোহাম্মদ বিন হাম্মামের নির্বাচনী প্রচারণাটা ঠিক অতটা সহজ হচ্ছে না। মায়ামিতে কনকাকাফের (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশন) অনুষ্ঠানে ব্ল্যাটার থাকলেও সেখানে যেতে পারেননি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান।ব্ল্যাটার ও হাম্মাম দুজনই নির্বাচনী প্রচারণা চালিয়ে এসেছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলে। সেখান থেকেই কনকাকাফ অঞ্চলের আমন্ত্রণ পেয়ে ব্ল্যাটার ছুটে গেছেন তাদের বার্ষিক কংগ্রেসে। আমন্ত্রণ পেয়েছিলেন হাম্মামও। তবে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে সেখানে যেতে পারেননি কাতারের এই নাগরিক। ১০ মে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের কংগ্রেসে হাম্মামকে আমন্ত্রণ জানানো হয়েছে।হাম্মামের জন্য অপেক্ষায় আছে গোটা কনকাকাফ। তাঁর কথা শোনার পরই এ অঞ্চলের ফুটবল কর্তারা সিদ্ধান্ত নেবেন আগামী ১ জুন কার বাক্সে ভোট দেবেন। এর আগে অবশ্য ব্ল্যাটারকে সমর্থন জানানোর কথা বলেছিলেন কনকাকাফ অঞ্চলের ফুটবল নেতারা। তবে পরশুর কনকাকাফের সভাপতি জ্যাক ওয়ার্নার বলেছেন, ‘আমরা ভোট কাকে দেব, তা এখনো ঠিক করিনি। কারণ হাম্মাম যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে এখানে আসতে পারেননি। তাঁর কথা শুনেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’এর আগে হাম্মাম দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কংগ্রেসে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি গেয়েছেন নতুনের গান। দক্ষিণ আমেরিকা সফরে সেপ ব্ল্যাটার প্রশ্ন তুলেছেন কেন পরিবর্তন আনতে চাইছেন হাম্মাম? এর জবাবেই হয়তো হাম্মাম তাঁর নির্বাচনী প্রচারণায় দক্ষিণ আমেরিকা গিয়ে বলেছেন, ‘আমি নতুন ভিশনের কথা ভাবছি। নতুনভাবে শুরুর কথা ভাবছি। পরিবর্তন নয়।’তবে এই অঞ্চল থেকে হাম্মামের ভোট পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্যারাগুয়ে ও কনমেবলের সভাপতি নিকোলাস লিওজ এবং আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্ডোনা ব্ল্যাটারকে সমর্থন দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবু ভোট তো চাইতে হবে। এই ভোট চাওয়ার কাজটা ৬১ বছর বয়সী কাতারের হাম্মাম করেছেন একটু অন্যভাবে।তাঁকে সমর্থন-টমর্থন করার কথা সরাসরি না বলে হাম্মাম শুধু পড়ে শুনিয়েছেন তাঁর উদ্দেশে লেখা ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জের চিঠি, ‘আমার ২৪ বছরের সভাপতিত্ব করার সময়ে অনেক বন্ধু পেয়েছি। কিন্তু তোমার মতো কাউকে নয়। তুমি শুধু বন্ধুই নও, ভাইও।’ চিঠি শেষ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল-প্রধানদের উদ্দেশে হাম্মাম বলেছেন, ‘আমি যদি হ্যাভেলাঞ্জের বন্ধু ও ভাই হতে পারি তাহলে আপনাদের কেন হতে পারব না?’ রয়টার্স।