হাম্মামের পাশেই আছে এশিয়া
নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে আকস্মিকভাবে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার মানে কিন্তু এই নয়, লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাচ্ছেন মোহাম্মদ বিন হাম্মাম। বরং ফিফার ‘অনিয়ম’ ও ‘দুর্নীতি’র বিরুদ্ধে তাঁর ভাষায় ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিফার সাময়িক বহিষ্কৃত এই সহসভাপতি। এই লড়াইয়ে হাম্মাম একা নন, তাঁর পাশে দাঁড়াচ্ছে এশিয়া।নিষেধাজ্ঞার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতির পদও স্থগিত হয়ে আছে। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চীনের ঝেং জিলং। ঝেং কিন্তু বলছেন হাম্মামই এখনো তাঁদের ‘বস’, ‘ফিফা হাম্মামকে নিষিদ্ধ করছে বটে, কিন্তু তিনি এখনো এএফসির প্রেসিডেন্ট। এএফসির সভাপতির পদে দায়িত্ব পালন করা থেকে ফিফা তাঁকে বিরত রাখতে পারে না। এই এখতিয়ার তাদের নেই।’এএফসির পক্ষ থেকেও বিবৃতি দিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। ঝেংয়ের সমর্থন, এএফসির বিবৃতিতেই শেষ নয়; এশিয়ার ফুটবলের কর্তাব্যক্তিদের একটা অংশ ফিফা কংগ্রেসে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুরিখের মহা সম্মেলনে এএফসি থেকে ৪৬ ফেডারেশনের প্রতিনিধি যোগ দেওয়ার কথা। কাল বাংলাদেশ সময় সন্ধ্যায় এএফসির পাঠানো খবরে বলা হয়েছে, নয় থেকে দশজন প্রতিনিধি হাম্মামকে নিষিদ্ধ করার প্রতিবাদে কংগ্রেসে যোগ না দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। সংখ্যাটি আরও বাড়তে পারে।এর আগে ১৯৯৯ সালে বিশ্বকাপে এশিয়ান দলগুলোর সংখ্যা নিয়ে মতানৈক্য দেখা দিলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেছিলেন এএফসির প্রতিনিধিরা। এবার অবশ্য সমাবেশ করার ইচ্ছা তাদের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে ফিফা যথেষ্ট ঝামেলায় আছে। তাঁরা ঝামেলা বাড়াতে চান না। এএফপি, রয়টার্স।