হাম্মামের ‘যুদ্ধ’ ঘোষণা
আজ তাঁকে দেখা যেতে পারত ফিফার সভাপতি পদে। অথচ ভাগ্যের কী পরিহাস, সেই মোহাম্মেদ বিন হাম্মাম এখন ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ। দুর্নীতির অভিযোগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান হাম্মামকে এই শাস্তি দিয়েছে ফিফা। অপমানিত হাম্মাম ফিফার নৈতিক কমিটির তদন্ত রিপোর্টকে প্রত্যাখ্যান করে প্রস্তুতি নিচ্ছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার।একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ই ঘোষণা করেছেন ৬২ বছর বয়সী কাতারি। পাল্টা অভিযোগ করে বলেছেন, ‘ফিফার সিনিয়র অফিশিয়ালরা মিথ্যার আশ্রয় নিয়ে’ তাঁর বিরুদ্ধে নিজেদের মত প্রতিষ্ঠা করেছে।গত ১ জুন ফিফা সভাপতি নির্বাচনে সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিপক্ষ ছিলেন হাম্মাম। কিন্তু তাঁর বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করার অভিযোগ ওঠে। ২৯ মে হাম্মাম প্রার্থিতা প্রত্যাহর করে নেন। গত মে মাসে পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের সভায় প্রত্যেক প্রতিনিধিকে খামে ভরে নাকি ৪০ হাজার ডলার করে ঘুষ দিয়েছিলেন। গত শুক্র ও শনিবার জুরিখে দুই দিনব্যাপী শুনানির পর ফিফার নৈতিক কমিটির ভারপ্রাপ্ত প্রধান পেত্রাস দামাসেব বলেছেন, বিন হাম্মাম সংগঠনের নীতিমালা ভঙ্গ করেছেন। ক্যারিবীয় দুই ফুটবল কর্তা ডেবি মিঙ্গুয়েল ও জেসন সিলভেস্টারকেও এক বছর নিষিদ্ধ করা হতে পারে। এএফপি, রয়টার্স।পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে হাম্মাম প্রথমে ফিফায় আপিল করবেন এবং পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবেন বলে জানিয়েছেন।