হায়দরাবাদেই দ্বিতীয় টেষ্ট
অস্ট্রেলিয়ার ভারত সফরের টেস্ট সিরিজ শুরুর এক দিন আগেই হায়দরাবাদে ঘটেছে জোড়া বোমা হামলার ঘটনা। এতে নিহত হয়েছেন ১৬ জন। আহত শতাধিক। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা উদ্বেগ প্রকাশ করবেন—এটাই স্বাভাবিক। উদ্বেগটা আরও বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, সিরিজের দ্বিতীয় টেস্টটির ভেন্যু এই হায়দরাবাদেই। তবে নিরাপত্তা নিয়ে সফররত অসি ক্রিকেটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় টেস্ট হায়দরাবাদেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।এ বিষয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ড স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিনডে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিনডে ও অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডির সঙ্গে কথা বলেছি এবং তাঁরা নিশ্চিত করেছেন, খেলোয়াড় ও দর্শকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’ বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসন খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আনুষ্ঠানিকভাবে জানাবেন।ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা হায়দরাবাদের অবস্থা পর্যবেক্ষণ করছি আর আপাতত দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করার কোনো পরিকল্পনা আমাদের নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা খেলোয়াড়দের বলে রেখেছি যে দ্বিতীয় টেস্টটি আমরা হায়দরাবাদেই খেলব।’ অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এবং হায়দরাবাদে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা মানসিকভাবে তাঁদের পাশে আছি।’এর আগে ১৯৯৬-এর বিশ্বকাপে নিরাপত্তার ইস্যুতে শ্রীলঙ্কায় খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।— টাইমস নিউজ নেটওয়ার্ক