হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টটা ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে হার এড়াতে প্রাণপণ লড়াই চালাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৫ রানের জবাবে ৬২০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৪ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকেরা। চতুর্থ উইকেট জুটিতে ১০৪ রানের জুটি গড়ে ধাক্কাটা কিছুটা সামলে নিয়েছিলেন মাইক হাসি আর মাইকেল ক্লার্ক। কিন্তু দিনের শেষ বলে মাইকেল ক্লার্কের উইকেট তুলে নিয়ে আবারও অস্ট্রেলিয়াকে বিপদে ফেলে দিয়েছেন কেভিন পিটারসন। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে ১৩৭ রানে।আজ চতুর্থ দিনে মাত্র নয় ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। কেভিন পিটারসন ডোহার্টির শিকারে পরিণত হওয়ার আগে খেলেছেন ক্যারিয়ার-সেরা ২২৭ রানের ইনিংস। ইয়ান বেল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৮ রানে।প্রথম ইনিংসে ৩৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসটা খুব সাবধানতার সঙ্গেই শুরু করেছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন আর সাইমন ক্যাটিচ। ৩০ ওভার উইকেটে থেকে উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ৮৪ রান। এ সময়ই অস্ট্রেলিয়াকে প্রথম আঘাতটা হানেন গ্রায়েম সোয়ান। ৪৩ রান করে উইকেটের পেছনে ম্যাট প্রিয়রের তালুবন্দী হন ক্যাটিচ। রিকি পন্টিংও খেলতে পারেননি অধিনায়কসুলভ ইনিংস। মাত্র ছয় ওভার পরেই নয় রান করে ফিরে গেছেন সোয়ানের শিকার হয়ে। ৫৪ রান করে ওপেনার ওয়াটসনও ফিনের বলে অ্যান্ডি স্ট্রাউসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে প্রমাদ গুনতে থাকে অস্ট্রেলিয়ান সমর্থকেরা। কিন্তু এরপর শক্ত হাতে হাল ধরেন মাইকেল ক্লার্ক আর মাইক হাসি। চতুর্থ উইকেট জুটিতে ১০৪ রান যোগ করে দিনটা আর কোনো বাধা-বিঘ্ন ছাড়াই পার করে দিতে চাচ্ছিলেন এ দুই ব্যাটসম্যান। কিন্তু ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে হতাশায় পোড়ানোর পর বল হাতেও অস্ট্রেলিয়ার সর্বনাশ ডেকে আনেন কেভিন পিটারসন। দিনের শেষ বলে ৮০ রান করা ক্লার্ককে ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও অস্ট্রেলিয়ার হাত থেকে কেড়ে নেন এ ডানহাতি অফ স্পিনার। ক্রিকইনফো।