হার এড়াল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা ২-২। এমন স্কোরলাইন কত ম্যাচেই তো হয়! কিন্তু কাল মোহামেডান-মুক্তিযোদ্ধা লড়াই শেষে এই স্কোরলাইন অনুচ্চারে ঘোষণা করছে—বাংলাদেশ লিগে আকর্ষণীয় ম্যাচও হয়। গতিময় ম্যাচটা এবারের বাংলাদেশ লিগে সেরা ম্যাচের স্বীকৃতিও পেল অনেকের কাছে।নায়ক একজনই—নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে। মোহামেডানের দুটি গোলই তাঁঁর। দুবার এগিয়েও জিতল না মোহামেডান—সাদা-কালোর জন্য এটা খুবই হতাশার। মুক্তিযোদ্ধা উৎফুল্ল না হোক, স্বস্তিতে একটু নিঃশ্বাস নিতে পেরেছে। আর তা তরুণ আলমগীর রানার কল্যাণে। অতিরিক্ত সময়ের চার মিনিটের দ্বিতীয় মিনিট চলছে তখন। মোহামেডানের রক্ষণভাগের গা ছাড়া ভাব এসে যাওয়ার সুযোগ নিয়ে রানার গড়ানো শটে নাটকীয়ভাবে ২-২। আগের ম্যাচে শেখ রাসেলের কাছে হার। কাল আবার হারলে মুক্তিযোদ্ধার লিগ শিরোপার স্বপ্নে ধাক্কা লাগত জোরেশোরেই। সাদামাটা মোহামেডানের এখন স্বপ্ন-টপ্নের ব্যাপার নেই। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১২ দলে সপ্তম স্থানে থাকা সাদা-কালো শিবিরের এই মন্ত্রই। তার চেয়েও একধাপ এগিয়ে তুলনামূলক অনেক শক্তিশালী প্রতিপক্ষকে কাল তো নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে।কিন্তু শেখ জামাল ও আবাহনীর জন্য এটা ঠিকই আনন্দের। কেননা, মুক্তিযোদ্ধার পয়েন্ট হারানো মানে এই দু-দলের শিরোপা-স্বপ্ন উজ্জ্বল হয়ে ওঠা। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে বটে, শেখ জামাল তাদের ১৭তম ম্যাচটা জিতলে ৪০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো উঠে যাবে শীর্ষে। আবাহনী ১৬ ম্যাচে পেয়েছে ৩৫ পয়েন্ট। তিনটি দলই এখন শিরোপার দৌড়ে গা ঘেষাঘেষি করে এগোচ্ছে।অসুস্থ হয়ে দেশে ফিরে গেছেন মুক্তিযোদ্ধার অন্যতম অস্ত্র বুকোলা ওলালেকান। কার্ডের খড়্গে পড়ে কাল টানা দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি স্ট্রাইকার মিঠুন চৌধুরী। তার পরও এদিন রক্ষণের বড় সেনানী নাইজেরিয়ান ড্যামিকে প্রথমার্ধে মাঝমাঠে খেলানোয় মুক্তিযোদ্ধার রক্ষণ হয়ে পড়ে নড়বড়ে। ম্যাচ শুরুর আগে বৃষ্টিতে মাঠ ভারী—সব মিলিয়ে মুক্তিযোদ্ধা এদিন সেরাটা দিতে পারেনি।পিচ্ছিল মাঠে সানডে ছিলেন অপ্রতিরোধ্য। ২৫ মিনিটে প্রথম গোলটা করেছেন তিনজনকে কাটিয়ে। গোলরক্ষক বিপ্লব পোস্ট ছাড়লে তাঁকে কাটিয়ে ফাঁকা পোস্টে আলতো টোকায় ১-০। ৩০ মিনিটে লুসিয়ানোর ক্রসে জেমস মগার হেডে ১-১। ৯ মিনিট পরই সানডে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে কোনাকুনি শটে পরাস্ত করলেন বিপ্লবকে (২-১)। জয় পেতে পেতে হেরে যাওয়ায় মোহামেডান ছিল হতাশ। গত কয়েকটি ম্যাচে ভালো খেলেও জিততে না পারার আক্ষেপও শোনা গেল। তবে এই ড্রয়ের পরও মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক বড় মুখ করেই বললেন, ‘আমরা এখনো লড়াইয়ে এগিয়ে।’ আপাতত তো তা-ই!আজকের খেলা: শেখ রাসেল-আরামবাগ (৪.১৫ মি, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।