হার দিয়ে শুরু কাবাডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ
ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ

কাবাডিতে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ইনচন এশিয়ান গেমসে সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি হলো। আজ রোববার কাবাডি প্রতিযোগিতার প্রথম দিনই স্বর্ণ-ফেবারিট ভারতের কাছে হেরে গেছে পুরুষ-নারী দুই দলই।
ইনচনের সোংদু গ্লোবাল ইউনিভার্সিটি জিমনেশিয়ামের এক নম্বর কোর্টে অনুষ্ঠিত পুরুষ কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৩০-১৫ পয়েন্টে। একই ভ্যেনুর দুই নম্বর কোর্টে ভারতীয় নারীদের বিপক্ষে খুব একটা খারাপ করেননি বাংলাদেশের নারীরা। তাদের হার ২৯-১৮ পয়েন্টে।
পুরুষ কাবাডিতে প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১৬-৬ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একটু ভালো। এই অর্ধে বাংলাদেশ তুলে নেয় আরও ৯টি পয়েন্ট। ভারত অবশ্য এই অর্ধে তুলে নেয় ১৪ পয়েন্ট।
দুই অর্ধেই ভারত তুলে নেয় দুটি করে লোনা। প্রথমার্ধে ভারতের ঝুলিতে যায় একটি বোনাস পয়েন্ট। বাংলাদেশ অবশ্য এই ম্যাচে লোনা-বোনাস পয়েন্ট কিছুই লাভ করতে পারেনি।
ভারতের বিপক্ষে ছেলেদের তুলনায় মেয়েরাই বরং প্রতিদ্বন্দ্বিতাটা ভালো গড়েছেন। প্রথমার্ধে বাজে খেলে মেয়েরা পিছিয়ে গিয়েছিলেন ২২-৫ পয়েন্টে। এই অর্ধে ভারতকে বাংলাদেশ উপহার দেয় সাতটি বোনাস পয়েন্ট ও দুটি লোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে খেলাটা প্রায় নিজেদের দখলেই নিয়ে এসেছিলেন বাংলাদেশের মেয়েরা। এই অর্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৩-৭ পয়েন্টে। বোনাস পয়েন্টও মেয়েরা পান তিনটি। প্রথমার্ধের বাজে পারফম্যান্সই মূলত ভারতের মেয়েদের বিপক্ষে জিততে দেয়নি বাংলাদেশের মেয়েদের।
পুরুষদের গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও থাইল্যান্ড। মেয়েদের পরের খেলাটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমস থেকে বাংলাদেশকে পদক উপহার দিয়ে চলেছে কাবাডি। বাংলাদেশের পুরুষ ও নারী দল এশিয়াডে রুপা ও ব্রোঞ্জের দেখা পেলেও সোনার পদকটা এখনো অধরাই হয়ে রয়েছে।