র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে জাপান। ১৪তম স্থানে থাকা জাপানের সঙ্গে ৩০তম বাংলাদেশের হার অননুমিত ছিল না। সিঙ্গাপুরে কাল বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ।
তবে এই বড় পরাজয়েও বাংলাদেশের সন্তুষ্টির জায়গাটা হলো, জাপানের সঙ্গে এশিয়ান গেমসের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা গেছে। ৮-০ হারের চেয়ে ৫-১ হার অনেক ভালো! ইনচন এশিয়ান গেমসে শেষ কোয়ার্টারে ৪ গোল খেয়েছিল বাংলাদেশ। আর কাল শেষ দুই কোয়ার্টারেই লড়াই করেছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিয়াজাকির স্টিক থেকে বাংলাদেশের জালে গোল। জাপানি খেলোয়াড়দের সামনে প্রতিরোধই গড়তে পারেননি কৃষ্ণ, মিমো, চয়নরা। ২২ মিনিটেই খেয়ে বসে ৪ গোল। ১১, ১৮ ও ২২ মিনিটে আরও ৩ গোল করেন সাসাকি তাকুতো, তানাকা কেনতা ও জেনদানা হিরোতাকা। ৩১ মিনিটে মিয়াজাকি পান তাঁর দ্বিতীয় গোল। ৪৪ মিনিটে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলটি করেছেন চয়ন।
এই পারফরম্যান্সে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি মোটেও খুশি নন, ‘আমি যেভাবে বলেছিলাম, শুরুর দিকে মোটেও সেভাবে খেলতে পারেনি ওরা। ছেলেদের এমন খেলাটা আমি প্রত্যাশা করিনি। ওদের পারফরম্যান্স আমাকে সত্যি খুব হতাশ করেছে। যদিও শেষ দিকে এসে খেলাটা ধরার চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে ম্যাচ তো শেষ। আশা করি, পরের ম্যাচে ভালো খেলবে সবাই।’
আজ দুপুর ১টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।