প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিনই ছিল আয়ারল্যান্ড। তবে এই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জিমি-চয়নরা। কিন্তু অভিজ্ঞতার অভাবেই কি না, শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ হেরেছে ৫-২ গোলে। ম্যাচের শুরুর দিকে আইরিশ আক্রমণের ধাক্কা সামলে দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ধারার বিপরীতে অসামান্য নৈপুণ্যে আয়ারল্যান্ডের পোস্টে বল পাঠান কৌশিক। এর অল্প পরেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করেন দলের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান (চয়ন)।দুই গোলে পিছিয়ে পড়ে আয়ারল্যান্ড যেন ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের ওপর। আক্রমণের পর আক্রমণ করে বাংলাদেশের রক্ষণব্যুহকে ব্যতিব্যস্ত করে তোলেন আইরিশ আক্রমণভাগের খেলোয়াড়েরা। সুযোগও তৈরি করেন তাঁরা অসংখ্য। কিন্তু বাংলাদেশের গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন গোলরক্ষক জাহিদ। তাঁর দুর্দান্ত কয়েকটি সেভ বাংলাদেশকে বড় বিপর্যয়ে ফেলা থেকে রক্ষা করে। সুযোগ বুঝে বাংলাদেশও উঠেছে আক্রমণে। তবে আক্রমণভাবে রাসেল মাহমুদ জিমির নিষ্প্র্রভ পারফরম্যান্স আইরিশ রক্ষণে কোনো ফাটল ধরাতে পারেনি।বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে আরও বড় পরীক্ষা অপেক্ষা করে আছে বাংলাদেশের জন্য। এর পরের ম্যাচগুলো ভারত ও চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাদের বিপক্ষে জয়টা অবশ্য অনেক দূরের স্বপ্ন। বাংলাদেশ জয়ের আশা করছে ওমান ও ফিজির বিপক্ষে।