হার দিয়ে শুরু মেয়েদের
হার দিয়ে ভারত সফর শুরু হলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার ৪৯ রানে হেরেছে বাংলাদেশ।বরোদায় অনুষ্ঠিত এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩ উইকেটে ১৪৩ রান। জবাবে বাংলাদেশের মেয়েরা ৭ উইকেটে ৯৪ রান করতে সক্ষম হন।বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সফলতার মুখ দেখেছেন কেবল অধিনায়ক সালমা খাতুন। ৪৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার দিয়ে। উদ্বোধনী ব্যাটার শাহনাজ পারভীন করেন ১৩ রান। সালমা ও শাহনাজ ছাড়া বাংলাদেশের কেউই দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি।ব্যাটিংয়ের মতো বল হাতেও সফল ছিলেন সালমা খাতুন। ভারতের পতন ঘটা তিন উইকেটের তিনটিই শিকার করেন এই অফস্পিনার। ভারতীয়দের ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতেই ১৩০ রানের দেখা পায় স্বাগতিকেরা। দলীয় সর্বোচ্চ ৭৫ রান করেন পুনম রাউট। আরেক উদ্বোধনী ব্যাটার থিরুশ কামিনির সংগ্রহ ৫৬ রান। অধিনায়ক হারমানপ্রীত কাউর করেন ৩ রান।দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এর পরের দিন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি। ৮ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ মহিলা দল দেশে ফিরবে ১৩ এপ্রিল।