হার দিয়েই সাফ শুরু বাংলাদেশের

শুরু থেকেই গ্রুপটাকে বলা হচ্ছিল মৃত্যুকূপ। সেই মৃত্যুকূপের প্রথম ম্যাচেই পা হড়কাল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপালের কাছে হারল ২-০ গোলে। গত মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের হারের প্রতিশোধটাও ভালোভাবেই নিল হিমালয়-দুহিতা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের হাজার বিশেক দর্শকের সামনে শুরু থেকেই উজ্জীবিত ছিলেন নেপালের খেলোয়াড়েরা। প্রথম থেকেই আক্রমণাত্মক নেপালকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৮ মিনিটে দর্শনীয় হেডে প্রথমে নেপালকে এগিয়ে নেন অনিল গুরুং। ৩১ মিনিটে কর্নার থেকে জগজিত্ শ্রেষ্ঠার ক্রসে আলতো টোকায় ভারত খাবাস ব্যবধান দ্বিগুণ করেন।
মাঝমাঠে মামুনুলের অভাবটা ভালোভাবেই বোঝা গেছে আজ। চোটের কারণে আজ তাঁকে মাঠে নামাননি কোচ লোডভিক ডি ক্রুইফ, চোটগ্রস্ত সোহেল রানাও ছিলেন দর্শক। মামুনুলের বদলি হিসেবে আন্তর্জাতিক অভিষেক হওয়া প্রথম প্রবাসী ডেনমার্কের জামাল ভূঁইয়া ছিলেন নিষ্প্রভ। এমিলি, তকলিচরা দু-একবার চেষ্টা করেছেন বল নিয়ে ঢুকতে, কিন্তু বক্সের সীমানায় পৌঁছাতেই পারেননি। এই নেপালকে দেখে মনে হলো দারুণ আত্মবিশ্বাসী। উল্টো বাংলাদেশের খেলোয়াড়েরা যেন দিকভ্রান্ত। সারাক্ষণ বলের পেছনে দৌড়ালেন। ম্যাচের ৫৬ মিনিটে উইঙ্গার জাহিদ হোসেনকে তুলে নেন কোচ লোডভিক ডি ক্রুইফ, বদলি মোবারকও সেভাবে জ্বলে উঠতে পারেননি। পরাজয়ের ব্যবধানটা হতে পারতো আরও বেশি। কিন্তু ৭৪ মিনিটে দুর্দান্ত এক গোল বাঁচিয়েছেন গোলরক্ষক মামুন খান। রোহিত চাঁদের বাঁ পায়ের জোরালো শট পাঞ্চ করে ফিরিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক। বাকি সময়ে গোল শোধের চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার সামান্য আগে নেপালের রোহিত দারুণ সুযোগ নষ্ট করেন।
দুই দেশের আগের ১৮ বারের সাক্ষাতে ১১টিই জিতেছিল বাংলাদেশ। নেপালের ছিল মাত্র ২ ড্র, ৫ জয়। সেই জয়টা ছয়ে টেনে নিয়ে গেল আজ।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচটি ভারতের বিপক্ষে, আগামী ৩ সেপ্টেম্বর। খেলা হবে কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে।
খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।