হার দিয়ে বছর শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমার্ধে ইমানুয়েল আদেবায়োরের এই গোল থেকেই এগিয়ে যায় টটেনহাম
প্রথমার্ধে ইমানুয়েল আদেবায়োরের এই গোল থেকেই এগিয়ে যায় টটেনহাম

আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল—ইংলিশ প্রিমিয়ার লিগের সবগুলো বড় দলই নতুন বছরটা শুরু করেছে জয় দিয়ে। ব্যতিক্রম শুধু ম্যানচেস্টার ইউনাইটেড। টোটেনহামের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে নতুন বছর শুরু হয়েছে গতবারের শিরোপাজয়ীদের। সেই হারটাও এসেছে নিজেদেরই মাঠ ওল্ড ট্রাফোর্ডে। এ নিয়ে এবারের মৌসুমে চতুর্থবারের মতো নিজেদের মাঠেই হারের স্বাদ পেল রেড ডেভিলরা।

মৌসুমের শুরুটা ভালোভাবে না হলেও টানা চারটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গতকাল বছরের প্রথম দিনেই আবার মুখ থুবড়ে পড়েছেন ডেভিড ময়েসের শিষ্যরা। পুরো ম্যাচে বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও ২-১ গোলের হার নিয়ে হতাশাজনকভাবেই মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

প্রথমার্ধের ৩৪ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের ক্রস থেকে বল পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন টোগোর তারকা স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর। ৬৬ মিনিটে এরিকসন নিজেই করেন টোটেনহামের পক্ষে দ্বিতীয় গোলটি। ২-০ ব্যবধানে এগিয়ে যায় টোটেনহাম। এক মিনিট পরেই অবশ্য একটি গোল শোধ করেছিলেন ড্যানি ওয়েলব্যাক। কিন্তু পরে আর কোনো গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলের হারের পর আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের।

১৯৮৯ সালের পর এবারই প্রথমবারের মতো নতুন বছরের প্রথম দিনে হারের মুখ দেখল গত মৌসুমের শিরোপাজয়ী দল। মৌসুমের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত নিজেদের মাঠে চারবার হারের স্বাদও ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে দীর্ঘদিন পর। শেষবার এমনটা হয়েছিল ১৯৮৬ সালে।

গতকাল টোটেনহামের বিপক্ষে ২-১ গোলে হারের পর শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা পিছিয়েই পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা। ২০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে ডেভিড ময়েসের দল।