আন্তর্জাতিক টি-টোয়েন্টির রান-সেঞ্চুরিতে ব্রেন্ডন ম্যাককালাম হয়তো অনেক এগিয়ে। কিন্তু আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলের সৌজন্যে টি-টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ক্রিস গেইলই। সেই গেইলের সঙ্গে পোলার্ড, স্যামুয়েলস, ব্রাভোরা আছেন বলেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এসেছে ফেবারিটের তকমা গায়ে মেখে। কিন্তু ফেবারিট ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হলো হার দিয়ে। ৮ উইকেটে ১৯১ রান করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জিতে অস্ট্রেলিয়া উঠে গেছে সুপার এইটে।১৯২ রানের লক্ষ্যে ওয়ার্নার, ওয়াটসন ও মাইক হাসির ঝড়ে ৯.১ ওভারেই অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ১০০ রান। এর পরই নামে বৃষ্টি। খেলা আর মাঠেই গড়াতে পারেনি। বৃষ্টি আইনে ৯.১ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮৩। কিন্তু অসিরা করে ১৭ রান বেশি। ওয়ার্নার ১৪ বলে ২৮, ওয়াটসন ২৪ বলে অপরাজিত ৪১ ও হাসি ১৯ বলে অপরাজিত ছিলেন ২৮ রানে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা ওয়াটসন।এর আগে গেইল ও স্যামুয়েলসের ঝোড়ো হাফ সেঞ্চুরিই ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় ওই পুঁজি। ৪ রানে পুনর্জীবন পাওয়া গেইল ৪ ছক্কা ৫ চারে করেন ৩৩ বলে ৫৪ রান। স্যামুয়েলস ৫০ করেন ৩২ বলে। ৪ ছক্কা ৩ চার। এই হারে ঝুলে গেল ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। আগামীকাল আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যারা জিততে, সুপার এইটে যাবে তারাই। তথ্যসূত্র ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ (স্মিথ ২, গেইল ৫৪, চার্লস ১৬, স্যামুয়েলস ৫০, ব্রাভো ২৭, পোলার্ড ১০, স্যামি ১২, রামদিন ৩, রামপল ০*, নারাইন ৪*; ওয়াটসন ২/২৯, স্টার্ক ৩/৩৫, কামিন্স ১/৪১, ক্রিস্টিয়ান ১/২৯, হগ ১/৩০)। অস্ট্রেলিয়া: ৯.১ ওভারে ১০০/১ (ওয়ার্নার ২৮, ওয়াটসন ৪১*, হাসি ২৮*, এডওয়াডর্স ১/১৬)। ফল: ডি/এল পদ্ধতিতে অস্ট্রেলিয়া ১৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন।