হার দিয়ে শুরু বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মিনিটের মধ্যেই জ্লাতান ইব্রাহিমোভিচ যখন জালে বল জড়িয়ে দিলেন, মনে হচ্ছিল দুর্দান্ত একটা জয় দিয়েই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু না, শেষ পর্যন্ত একটা বড় ধাক্কা খেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মৌসুম-সূচক স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়ার কাছে হারল ৩-১ গোলে। অথচ ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বার্সাই!নিজেদের মাঠে খেলেছে সেভিয়া। এই সুবিধা তো ছিলই, পাশাপাশি বার্সার দ্বিতীয় সারির দল নামানোর ফায়দা লুটেছে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জেতা সেভিয়া। তিন বছর আগে সেভিয়াকে এই ট্রফি এনে দিয়েছিলেন যে দুজন, পরশু ম্যাচের নায়কও তাঁরাই। ৬২ মিনিটে সমতা ফিরিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো।২০০৭ সুপার কাপের ফিরতি লেগে হ্যাটট্রিক করা ফ্রেডেরিক কানুটে এবার করেছেন দুটি গোল। প্রথমটি ৭৪ মিনিটে, ৯ মিনিট পর হেড থেকে তাঁর দ্বিতীয় গোলটি নিশ্চিত করে দেয় ২১ আগস্টের ফিরতি লেগে কমপক্ষে ২-০ গোলে জিততেই হবে বার্সাকে।বিশ্বকাপজয়ী বার্সার আট খেলোয়াড়ের সবাইকেই এদিন বিশ্রাম দিয়েছিলেন পেপ গার্দিওলা। মূল ভরসা লিওনেল মেসিও ৫৩ মিনিট পর্যন্ত বসে ছিলেন সাইডবেঞ্চে। অবশ্য শুরু থেকেই আক্রমণের নেতৃত্বে ছিলেন ইব্রাহিমোভিচ। গত মৌসুমের বাজে পারফরম্যান্সের কারণে সুইড স্ট্রাইকার বার্সা ছাড়তে বাধ্য হচ্ছেন বলে গুঞ্জন, কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করে দলের একমাত্র গোলটা করেছেন তিনিই। শেষ পর্যন্ত ইব্রাহিমোভিচ আর মেসিদের মাথা নিচু করেই ছাড়তে হয়েছে মাঠ। তার পরও মালির স্ট্রাইকার কানুটে সতর্ক করে দিয়েছেন সতীর্থদের, ‘ওরা কিন্তু ওদের একগাদা তারকা খেলোয়াড়কে এই ম্যাচে খেলায়নি। আমাদের তাই ফিরতি লেগে সাবধান থাকতেই হবে।’ রয়টার্স, এএফপি।