হার দিয়েই ‘এ’র টি-টোয়েন্টি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজ জয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলকেই বানিয়েছিল ফেবারিট। কিন্তু কাল প্রথম ম্যাচে স্বাগতিক দলটি ফেবারিটের মতো খেলতে পারেনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের কাছে বাংলাদেশ ‘এ’ হেরে গেছে ৩২ রানে।ইংল্যান্ড লায়ন্স টার্গেট দিয়েছিল ১৪৪ রানের। জবাবে রানের গতির সঙ্গে পাল্লা দিয়ে উইকেট পড়লেও বাংলাদেশ ‘এ’ দলের জেতার আশা ১৪ ওভার পর্যন্তও বেঁচে ছিল। ৬ উইকেটে ৮১ রান তখন, জেতার জন্য বাকি ৬ ওভারে দরকার ৬৩। হাতে ৪ উইকেট। কিন্তু ১৫তম ওভারের চতুর্থ বলে জহুরুল ইসলাম লং অনে ক্যাচ দিয়ে ফেরার সঙ্গে সঙ্গে আশারও হলো সমাধি। ২১ রানে পড়ে যায় শেষ ৪ উইকেট। ওয়ান ডাউনে নেমে এক বাউন্ডারির সঙ্গে ডিপ স্কয়ার লেগ ও লং অন দিয়ে দুই ছক্কায় ৩০ বলে ৩৭ রান করেছেন অধিনায়ক জহুরুল।ইংল্যান্ড লায়ন্সের ১৪৩ রানে বড় ভূমিকা ওপেনার জেসন রয়ের ১৯ বলে ৪০ রানের ইনিংসটির। ইনিংসের নবম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রয় ও বেয়ারস্টোর উইকেট দুটি তুলে নিলেও অধিনায়ক জেমস টেলর, জোসেফ বাটলাররা জেতার মতো রান এনে দেন দলকে।আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড লায়ন্স: ২০ ওভারে ১৪৩/৬ (রয় ৪০, ভিন্স ৩২, টেলর ২৮; আলাউদ্দিন ০/২৮, সোহরাওয়ার্দী ১/২৭, নাজমুল ১/১৬, মোশাররফ ২/২৭, সোহাগ ০/২১, নাসির ১/১৮)। বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১১১ (ইমরুল ২৩, নাজিমউদ্দিন ৮, জহুরুল ৩৭, শুভাগত ৪, নাসির ২, মিঠুন ৫, সোহরাওয়ার্দী ৫, আলাউদ্দিন বাবু ১৭*, মোশাররফ ০, সোহাগ ৪, নাজমুল ২; বাক ৩/১৬, ড্যানি ২/১৬)। ফল: ইংল্যান্ড লায়ন্স ৩২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জেসন রয়।