প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু সেল্টিক প্রায় ভুলে যাওয়া একটি স্বাদ দিয়েছে বার্সেলোনাকে। ২০০৯ সালের অক্টোবরে রুশ ক্লাব রুবিন কাজানের কাছে অপ্রত্যাশিত হারটিই ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কাতালান ক্লাবটির শেষ হার। পরের তিনটি মৌসুমে টানা ১৮ ম্যাচে আর গ্রুপ পর্বে হারেনি চারবারের চ্যাম্পিয়নরা। তবে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে টানা ২৫ ম্যাচে অপরাজিত দলও আছে। ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৫ মে পর্যন্ত টানা ২৫ ম্যাচে হারেনি। ওই ২৫ ম্যাচের ১৫টিতেই জিতেছিল অ্যালেক্স ফার্গুসনের দল। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে ১৯ ম্যাচে হারের মুখ দেখেনি সাবেক চ্যাম্পিয়ন আয়াক্স আমস্টারডাম। জার্মানির বায়ার্ন মিউনিখও টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল ২০০১ সালের মার্চ থেকে ২০০২ সালের এপ্রিলের মধ্যে। টানা জয়ের রেকর্ডটি বার্সার (৯ ম্যাচ, ২০০২-০৩)।