হার না মানা দাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চির সবুজ’ কিমিকো দাতে
‘চির সবুজ’ কিমিকো দাতে

কিমিকো দাতেকে মনে আছে? ক্যারিয়ারের সেরা সময়ে চোটে পড়ে যিনি টেনিসকে বিদায় বলে দিয়েছিলেন। ১২ বছর বিরতি দিয়ে সার্কিটে ফিরেছিলেন ২০০৮ সালে, সাঁইত্রিশ বছর বয়সে! জাপানের এই ‘চিরসবুজ’ টেনিস খেলোয়াড় আবার ফিরছেন টেনিসে। জাপানের গিফুতে ১ মে শুরু হচ্ছে আইটিএফ টুর্নামেন্ট—ক্যাঙারু কাপ। যে টুর্নামেন্ট দিয়েই দাতে কোর্টে ফিরছেন ৪৬ বছর বয়সে!
অবশ্য এই ‘ফেরা’ শব্দটা নিয়েই আপত্তি দাতের। টেনিসে ১৫ মাসের লম্বা একটা বিরতি পড়েছিল তাঁর। কিন্তু সেটি চোটের কারণে, ইচ্ছা করেই তো তিনি আর টেনিসকে দূরে ঠেলে দেননি! দাতের ভাষায়, ‘আমি চোটে পড়ায় সবাই ধরেই নিয়েছিল আমি বোধ হয় নীরবে অবসর নিয়ে নেব। কিন্তু চোটের কাছে হার মেনে যেতে চাইনি আমি।’
টেনিসের প্রতি এই ভালোবাসাই আসলে দাতের বড় প্রেরণা। স্বামী জার্মান রেসার মাইকেল ক্রমের সঙ্গে গত বছর ছাড়াছাড়ি হয়ে গেছে। জীবিকার জন্য খুলে বসা বেকারিতেও এখন সময় দিতে হয় তাঁকে। এর মধ্যেই সময় বের করে নিয়মিত অনুশীলন করে যাওয়া। ইচ্ছা থাকলে সবই যে সম্ভব, এই বয়সেও র্যাকেট হাতে সেটি দেখিয়ে যাচ্ছেন দাতে। তো কত দিন খেলবেন? দাতের উত্তর, ‘কত বছর পর্যন্ত খেলব, সত্যিই আমি তা ঠিক করিনি। যখন আমার মনে হবে এখন চলে যাওয়ার সময়, তখন খেলা ছেড়ে দেব। সময়টা কখন আসে সেই অপেক্ষায় আছি।’
দাতের টেনিস আদর্শ মার্টিনা নাভ্রাতিলোভা। প্রথমে চেক প্রজাতন্ত্র ও পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা এই টেনিস গ্রেট খেলা থেকে বিদায় নিয়েছিলেন তাঁর ৫০তম জন্মদিনের এক মাস আগে। তাঁকে ছাড়িয়ে যেতে চাইলে ২০২০ টোকিও অলিম্পিক পর্যন্ত খেলতে হবে দাতেকে। তবে নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই বলেই জানালেন দাতে, ‘নিশ্চিতভাবেই এটা হচ্ছে না। আমি বাসায় বসে টিভিতে টোকিও অলিম্পিক দেখব।’
একটা জায়গায় অবশ্য আদর্শ নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে গেছেন। ১৯৯৪ সালে নাভ্রাতিলোভা প্যারিস ইনডোর জিতেছিলেন ৩৭ বছর ৪ মাস ২ দিন বয়সে। আর ২০০৮ সালে টেনিসে প্রত্যাবর্তনের পরের বছরই দাতে কোরিয়া ওপেন জিতেছিলেন ৩৮ বছর ১১ মাস ৩০ দিন বয়সে। সবচেয়ে বেশি বয়সে ডব্লুটিএ টুর্নামেন্ট জয়ের রেকর্ডটি অবশ্য বিলি জিন কিংয়ের। ১৯৮৩ সালে বার্মিংহামে বিল জিন কিং টুর্নামেন্ট জিতেছিলেন ৩৯ বছর ৭ মাস ২৩ দিন বয়সে।
তবে দাতে মনে হয় না এসব রেকর্ড-টেকর্ড নিয়ে ভাবেন। শুধু আনন্দের জন্য খেলেন যিনি, রেকর্ডের ব্যাপার-স্যাপার তাঁর কাছে যে তুচ্ছ! এএফপি।