হার না-মানা সামপাওলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোর্হে সামপাওলি
হোর্হে সামপাওলি

১৮ বছর আগের কথা। আর্জেন্টিনার শৌখিন ক্লাব বেলগ্রানো ডি আরেকিতো খেলছিল স্থানীয় এক দলের সঙ্গে । দর্শকেরা হঠাৎই সবিস্ময়ে আবিষ্কার করল, মাঠের ধার ঘেঁষে মস্ত এক গাছের ডালে বসে কে যেন চেঁচিয়ে চলেছে । বিস্ময়টা আরেক দফা বাড়ল যখন জানা গেল, গাছে ওঠা খ্যাপাটে লোকটি আসলে আরেকিতোরই কোচ।
কিন্তু মাঠ ছেড়ে গাছের ডালে চড়ে বসতে গেলেন কেন? রেফারিকে কষে গাল দেওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন কোচ । কিন্তু দল মাঠে খেলবে আর তিনি থাকবেন না সেটা কী করে হয়! সে জন্যই গাছে উঠে দলকে সাহায্য করা।
কোচের ওই পাগুলে কাণ্ডের ছবি পরদিন ছাপা হয় স্থানীয় এক সংবাদপত্রে। সেটা চোখে পড়ে আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজের সে সময়কার সভাপতি এদুয়ার্দো লোপেজের। লোপেজ তো মুগ্ধ। ঠিক করলেন কোচকে একটু বাজিয়ে দেখবেন। ডেকে এনে দায়িত্ব দেন আর্জেন্টিনো ডি রোজারিওর নামের অপেশাদার একটা ক্লাবে। ক্যারিয়ারের বাঁকবদল ওখান থেকেই।
হোর্হে সামপাওলির জীবনটাই এমন চলচ্চিত্রের চিত্রনাট্য । এই বিশ্বকাপে ডাগ-আউটে এরই মধ্যে নজর কেড়েছেন। আটপৌরে ট্রাউজার-জার্সি পরা লোকটাকে চিলির ডাগ-আউটে কখনো হাত-পা ছুড়তে দেখছেন। কখনো চিৎকার করছেন, গোল হলে শিশুর মতো লাফিয়ে উঠছেন।
ক্যারিয়ার শুরু করেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। কিন্তু কুড়িতেই অপমৃত্যু ঘটে তাঁর খেলোয়াড়ি জীবনের। ১৯ বছর বয়সে পায়ের জোড়া হাড় ভেঙে যাওয়ায় কারিয়ার শেষ । অন্য কেউ হলে ফুটবল ছেড়ে অন্যকিছুতে মন দিতেন। কিন্তু ফুটবলটা যে সামপাওলির রক্তে মিশে আছে! তিনি মন দিলেন কোচিংয়ে। সেখানেও খুব সুবিধা করতে পারছিলেন না। এদিক-ওদিক ঠোকর খেতে খেতে এরপর নিউয়েলস সভাপতির চোখে পড়া। কিন্তু তাতেও পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু করতে দেরিই হয়ে গেল। অবিশ্বাস্য লাগতে পারে, পেশাদার ক্লাব কোচিং শুরু করেছেন মাত্র ১২ বছর আগে। বিশ্বকাপের নামজাদা সব কোচের ভারী ভারী সিভির তুলনায় তাঁরটা একরকম নস্যি!
পেশাদার কোচিং ক্যারিয়ারের শুরুতেও হোঁচট। পেরুর হুয়ান অরিচের হয়ে প্রথম আটটি ম্যাচে জয়ের মুখ দেখেন মাত্র একটিতে। ফল? চাকরি নট। এরপর আরও কয়েকটি ক্লাবের কোচিং করালেও বড় কিছু করতে পারছিলেন না। সেই ‘কিছু’ একটা করার সুযোগ এসে যায় চিলির ক্লাব ইউনিভার্সিদাদে। টানা তিনবার ঘরোয়া লিগ জিতে আসেন পাদপ্রদীপের আলোয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
চিলিরই সাবেক কোচ মার্সেলো বিয়েলসার শহর রোজারিওর পাশেই তাঁর জন্ম । বিখ্যাত পূর্বসূরিরই একনিষ্ঠ অনুসারী। তবে সামপাওলি সবার মন জিতে নিয়েছেন তাঁর হারার আগে হার না মানার মানসিকতা দিয়ে৷ বারবার বাধার দেয়াল এসেছে সামনে, কিন্তু ফুটবলপ্রেমই তাঁকে সব বাধা তুচ্ছ করে এগিয়ে দিচ্ছে সামনে। এদিন যেমন স্পেনকে ধ্বংস করে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল লা রোজা—গোলাপ লাল চিলি!