হার মানতে পারছেন না রোবেনরা
হতাশায় নিমজ্জিত হল্যান্ড দলে চলছে পারস্পরিক দোষারোপ। ডেনমার্কের কাছে ১-০ গোলের হার ডাচদের অন্তর্দ্বন্দ্বের পুরোনো ইতিহাসটা নতুন করে মাথাচাড়া দেওয়ার হুমকিই যেন দিচ্ছে! শেষ বাঁশি বাজতেই ওয়েসলি স্নাইডারকে দেখাল চরম হতাশ। মাথা নিচু করে একা হেঁটে যাচ্ছিলেন টানেল দিয়ে। অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি হল্যান্ড। ওদিকে হাতেগোনা দু-একটা সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ডেনমার্ক।মিক্সড জোনেই হতাশার দায়টা আক্রমণভাগের সতীর্থদের ওপর চাপিয়েছেন স্নাইডার, ‘আমাদের আক্রমণের শেষ মুহূর্তটিতে তীব্রতা ছিল না। আক্রমণের শেষটাকেও আমরা পরিণতি দিতে পারিনি। ফরোয়ার্ডরা সত্যিই গোল করতে চেয়েছে, তা উচিতও ছিল। আমরা তাদের যথেষ্ট সুযোগও করে দিয়েছি। আমার কাজ হলো তাদের ভালোভাবে বল বানিয়ে দেওয়া। আমি মনে করি, আমি তা করেছি। আমাদের গোল করা উচিত ছিল। এটা ছিল সেই রাতগুলোর একটি, যখন বল আপনার হয়ে কথা বলে না।’রবিন ফন পার্সির সঙ্গে গোল করার একাধিক সুযোগ পেয়েছেন আরিয়েন রোবেনও। ভাগ্যও সঙ্গে ছিল না বায়ার্ন মিউনিখ উইঙ্গারের। রোবেনই বলছেন, ‘আমি ভালো কিছু সুযোগ পেয়েছি। বিশেষ করে প্রথমার্ধে। প্রথমটির ক্ষেত্রে বলব, নিজের শট নেওয়ার সুযোগ সত্ত্বেও আমি সতীর্থদের খুঁজেছি। আমার নিজেরই শট নেওয়া উচিত ছিল। কিন্তু হল্যান্ডের মানুষ বলে, আমি স্বার্থপর খেলোয়াড়। কাজেই অবচেতন মনে এটাই আমার মাথায় কাজ করেছে। আমি আরও বেশি দলের হতে চেয়েছি। এটা আমার ভুল হয়েছে। দ্বিতীয়টি নিয়ে আমি আমাকে দোষ দেব না। শটটি পোস্টে লেগেছে। ভাগ্য আমার সঙ্গে ছিল না।’পরাজয়টাকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো মনে হচ্ছে রোবেনের। চেলসির বিপক্ষে পেনাল্টি মিস করে জয়ের সহজ সুযোগটি নষ্ট করেছিলেন বায়ার্ন উইঙ্গার। রোবেনের দল হেরেছিল ভালো খেলেও। পরশুও তা-ই। হারটা মানতে পারছেন না রোবেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে খুব বেশি বলতে চাই না, কিন্তু এই ম্যাচটাও ছিল সে রকমই। তারা যখন ঘুমোতে যাবে, নিজেরাই নিজেদের প্রশ্ন করবে; আমরা কীভাবে জিতলাম? এটিকে লজ্জার বলব না, কিন্তু এটি ছিল অঘটন, অলৌকিক।’ ওয়েবসাইট।