হার মানতে পারেনি বিজেএমসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইলের বোয়ালিরচালা থেকে খেলা দেখতে এসেছেন সুশীল বিশ্বাস। কলেজের ছাত্রটি খেলাপাগল। যতই লেখাপড়ার চাপ থাকুক, টাঙ্গাইল স্টেডিয়ামে খেলা থাকলে আসতেই হবে। শহরের পল্লি বিদ্যুৎ অফিসের ষাটোর্ধ্ব আবুল হোসেন খেলা দেখতে চলে এসেছেন ছুটি নিয়ে। টাঙ্গাইলের মানুষকে ফুটবল ভালোই টানে। কিন্তু ভালো খেলা হয় না বলেই নাকি দর্শক-খরা!তার পরও কালবৈশাখীর পূর্বাভাস উপেক্ষা করেও টাঙ্গাইল স্টেডিয়ামে উপস্থিত হাজার তিনেক দর্শক। স্থানীয় সাংবাদিকদের দাবি, এটাই এ মাঠে এবারের লিগের সর্বোচ্চ দর্শক। গ্যালারিতে টিকিট কেটে ঢুকেছিল অনেকে। সংস্কারকাজ চলতে থাকা স্টেডিয়ামের বালুর ঢিবির ওপর এবং দূরের বাড়ির ছাদেও ছিল মহিলা-বৃদ্ধ-কিশোরদের ভিড়। খেলার সময় এই মাঠেই ছাগল ঢুকে পড়েছিল একবার। তবে এরপরই সেদিকে দেওয়া হয়েছে টিনের বেড়া।বিজেএমসি তাদের হোম ভেন্যুতে কাল আবাহনীর কাছে হারল ৩-২ গোলে। কিন্তু খেলার শেষ দিকে যা হলো, তা ফুটবলের জন্যই এক নেতিবাচক বিজ্ঞাপন। এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আবাহনী। দুইয়ে থাকা মুক্তিযোদ্ধার চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে। ২৩ পয়েন্ট নিয়ে চারে নামল বিজেএমসি।খেলা শেষের মিনিট খানেক আগে বিজেএমসির ম্যানেজার আরিফ খান (জয়) বল আটকে রাখলেন নিজের কাছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ক্ষমতাটা ভালোই চিনেছেন! খেলা শেষ হতেই মাঠে ঢুকে পড়লেন বেলাল আহমেদ নামের বিজেএমসির উচ্ছৃঙ্খল এক সমর্থক। পুলিশের সামনেই সহকারী রেফারি মাহবুবুর রহমানকে ইচ্ছামতো কিলঘুষি আর লাথি মারলেন! আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি বিস্ময়ে বিমূঢ়, ‘এটা কোনো পেশাদার ফুটবল লিগের আচরণ হতে পারে না। খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন হলে ভবিষ্যতে আর কোনো দল খেলতে আসতে চাইবে না এখানে।’ কার্ড সমস্যায় কাল খেলতে পারেননি উইঙ্গার জাহিদ হোসেন। লিগের সর্বোচ্চ গোলদাতা লাকি পলের চোট। এই দুজনের অনুপস্থিতি ঢাকতে হিমশিম খেতে হয়েছে আবাহনীকে। উচে ফেলিক্স আর আবদুল রশিদ তটস্থ করে রাখে ধানমন্ডির দলটিকে। দুই মিনিটেই ডিফেন্ডারদের ভুলে গোল খেয়ে বসে আকাশি-নীলরা। ফেলিক্সের চিপ থেকে গড়ানো শটে গোল করেন রশিদ (১-০)। তবে আবাহনী ২১ মিনিটেই সমতা এনে ফেলে (১-১)। ইব্রাহিমের ফ্রি-কিক থেকে লিঙ্কনের ভলিতে বল ঢুকে যায় জালে। ৬৪ মিনিটে আবদুল্লাহ পারভেজের জোরালো শট আবাহনী গোলরক্ষক সোহেলের হাত ফসকে বেরিয়ে যায়। সামনে দাঁড়ানো ফেলিক্স সুযোগটা নষ্ট করেননি (২-১)। তিন মিনিটের মধ্যেই আবারও সমতা এনে ফেলে আবাহনী। আরমান আজিজের ক্রসে দর্শনীয় হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডা সিলভা (২-২)। ৭৭ মিনিটে ইব্রাহিমের পাস থেকে জয় নিশ্চিত করেন ফ্রাঙ্ক (৩-২)। তবে বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি বিজেএমসি।ক্ষুব্ধ বিজেএমসি কোচ জাকারিয়া বাবু হারের দায় চাপিয়েছেন রেফারিদের ওপর, ‘রেফারিরা ইচ্ছা করে আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছে। রেফারিদের পক্ষপাতিত্বের কারণেই হেরেছি।’