হার সেই শেষ কোয়ার্টারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকিতে শেষ কোয়ার্টারে এসে বাংলাদেশ দলের খেই হারিয়ে ফেলার অভ্যাসটা আর গেল না। গত সেপ্টেম্বরে ইনচন এশিয়ান গেমসে জাপানের সঙ্গে ৮-০ ব্যবধানে হারা ম্যাচের শেষ কোয়ার্টারে ৪ গোল হজম করে বাংলাদেশ। মালয়েশিয়ার সঙ্গে ৫-১-এ হারা ম্যাচে বাংলাদেশের জালে ৪টি গোলই ঢুকেছিল শেষ কোয়ার্টারে। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্যই বেশি কাজ করেছেন মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। কিন্তু প্রথম পরীক্ষাতেই ব্যর্থ বাংলাদেশ। কাল কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে কৃষ্ণের দল। ৩টি গোলই হয়েছে শেষ কোয়ার্টারে। বাংলাদেশের রোমান সরকার অবশ্য শেষ কোয়ার্টারেই একটি গোল শোধ করেন।
বাংলাদেশ দল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে পরশু রাতে। কাল সকালে মালয়েশিয়া পৌঁছানোর পর ১২ ঘণ্টাও বিশ্রাম পাননি খেলোয়াড়েরা। ভ্রমণক্লান্তি এই হারের একটা কারণ হতেই পারে। কাল মালয়েশিয়া থেকে মুঠোফোনে দলের সহকারী ম্যানেজার রফিকুল ইসলামও (কামাল) বললেন, ‘আমরা স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় হোটেলে পৌঁছাই। অনেকে ঠিকমতো ঘুমাতেও পারেনি। বিকেল সাড়ে চারটাতেই নামতে হয় খেলতে। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। তিন কোয়ার্টার ওরা চমৎকার খেলেছে। শেষ ১৫ মিনিট খারাপ হয়েছে। তবে আশা করি কাল (আজ) এই সমস্যা থাকবে না।’
আজ বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই জুনিয়র বিশ্বকাপে খেলেছেন। বিশ্ব হকি লিগে খেলতে মালয়েশিয়া থেকে আগামীকালই সিঙ্গাপুর যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে ওমানের সঙ্গে ১৫ জানুয়ারি শেষ প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল জিমি-কৃষ্ণদের। ওমান শেষ মুহূর্তে না করে দেওয়ায় ইউক্রেনের সঙ্গে খেলার চেষ্টা চলছে। সিঙ্গাপুরে ১৭ জানুয়ারি প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ জাপান।