হারতে হারতে জিতল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য মাত্র ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যে নিউজিল্যান্ডকে হারের আশঙ্কায় দুলতে হবে, সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। কিন্তু কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফির আজকের ম্যাচে সে ঘটনাই ঘটেছে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ের কারণে। হারতে হারতে বেঁচে গেছে কিউইরা। পেয়েছে এক উইকেটের ঘাম-ঝরানো জয়। ১০ ওভার বল করে মাত্র ৩৪ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন মালিঙ্গা।শ্রীলঙ্কাকে মাত্র ১৩৮ রানে গুটিয়ে দেওয়ার পর নিশ্চিত জয়ের আশা নিয়েই হয়তো ব্যাটিংয়ে নেমেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা। কিন্তু লঙ্কান ক্রিকেটারদের লড়াকু মনোভাব এই আপাতঃসহজ ম্যাচটিকেও নিয়ে গেছে চরম উত্তেজনাপূর্ণ অবস্থায়। চতুর্থ ওভারে ওপেনার লুক রনকি আউট হওয়ার সময়ও বোঝার কোনো উপায় ছিল না যে কী অপেক্ষা করে আছে ম্যাচের শেষ পর্যায়ে। প্রথম ১০ ওভারের মধ্যেই নিউজিল্যান্ড শিবিরে বড় আঘাত হানেন লঙ্কান বোলাররা। ১ উইকেটে ৪৮ থেকে স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৪ উইকেটে ৪৯। একে একে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন (১৬), রস টেলর (০) ও মার্টিন গাপটিল (২৫)। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জেমস ফ্রাঙ্কলিন ও ড্যানিয়েল ভেট্টোরি। ফিরে গেছেন প্রথম ২০ ওভারের মধ্যেই। সে সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৮০ রান। সপ্তম ওভারে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন ব্রেন্ডন ও নাথান ম্যাককালাম। কিন্তু এ সময় কিউই শিবিরে বড় একটা ধাক্কা দেন মালিঙ্গা। টানা দুই ওভারে সাজঘরে ফেরান এই দুই ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে আউট হন নাথান ম্যাককালাম। জয় থেকে তখনও ১৭ রান দূরে নিউজিল্যান্ড। হাতে আছে মাত্র দুই উইকেট। ১৩৪ রানের মাথায় কাইল মিলসকে রানআউটের ফাঁদে ফেলে উত্তেজনা চরম আকারে বাড়িয়ে দেয় শ্রীলঙ্কা। মনে হচ্ছিল যেন অবিশ্বাস্য এক জয়ই পেতে যাচ্ছে লঙ্কানরা। কিন্তু বাকি কাজটুকু সারতে আর কোনো ভুল করেননি টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনগান। ১ উইকেটের ঘাম-ঝরানো জয় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিউই শিবির।