হারপারের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : ভারতীয় দল
বিতর্ক বেড়েই চলেছে। সদ্য অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হারপার পরশু অভিযোগ করেছিলেন, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর সিদ্ধান্তে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। সরাসরি আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ধোনিকে শাস্তি দেওয়া উচিত ছিল আইসিসির।ভারতীয় গণমাধ্যমের খবর, হারপারের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যায়িত করেছে ভারতীয় দল। ধোনিকে নিয়ে তাঁর করা অভিযোগ শোনার পর দলের বেশ কয়েকজন ক্রিকেটার নাকি বিদ্রূপের হাসি হেসেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে হারপারের বিরুদ্ধে ‘বাজে’ আম্পায়ারিংয়ের অভিযোগ আনে ভারতীয় দল। দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়, তৃতীয় টেস্টে যেন এই আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া না হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হারপার বলেছিলেন, ‘আসলে ভারতীয়দের ওপর আইন প্রয়োগ করাই উচিত নয়। আইন প্রয়োগ করতে গেলেই যত সমস্যা।’ভারতীয় দলের কড়া সমালোচনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালেই আম্পায়ারিংকে বিদায় জানিয়ে দেন হারপার। তবে বিতর্ক কমছে না। হারপার যেমন ভারতীয়দের সমালোচনা করে যাচ্ছেন, কম যাচ্ছে না ভারতীয় দলও। ওয়েবসাইট।