হারল বাংলাদেশ ‘এ’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুলের চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সফরকারীরা। কাল হেরেছে ৫৬ রানে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৬ উইকেটে ২৮৫ রানের জবাবে ৪৮ ওভারে বাংলাদেশ ‘এ’ দল অলআউট ২২৯ রানে। আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক দুজনই আউট হন ৩৯ রান করে। বলার মতো রান পাননি আর কেউই। ২৫ রানে ২ উইকেট তুলে নিয়ে কাল অবশ্য শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ‘এ’ দলের বোলাররা। ৮৯ রান করেছেন অধিনায়ক জ্যাক রুডলফ, ৬৪ ফারহান বেহারডিয়েন। ৮৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে দুজন তুলেছেন ৯৩ রান। ফন জার্সভেল্ড (২৫ বলে ৩৭), ভারনন ফিল্যান্ডার (৯ বলে ২৩) ও হেইনো কুনের (১০ বলে ২৫) ঝড়ে শেষ ১০ ওভারে এসেছে ১০৪ রান, শেষ ৫ ওভারেই ৭২! লেগ স্পিনার নূর হোসেনের করা শেষ ওভার থেকে এসেছে চার ছক্কায় ২৭ রান! ২ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা, ১টি করে নূর, নাসির, রাসেল ও ইলিয়াস সানি। ওয়েবসাইট।