একই দিনে হারল শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমিন্ড ক্লাব। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কাল চট্টগ্রাম আবাহনী আতিকুরের একমাত্র গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলকে (১-০)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টিভেজা কাদা মাঠে ব্রাদার্সের কাছে শেখ জামালও হেরেছে একই ব্যবধানে। একমাত্র গোলটি করে ব্রাদার্সের জয়ের নায়ক রুবেল মিয়া।
এই পরাজয় শীর্ষ দল শেখ জামালের জন্য একটা ধাক্কা। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে তাদের ব্যবধান কার্যত এখন পাঁচ পয়েন্ট। ২০ ম্যাচে জামালের ৪৫, ১৯ ম্যাচে আবাহনীর ৩৭। ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ষষ্ঠ স্থানে, আটে উঠে আসা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৩।
শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসি পরশু দেশে গেছেন। দলটির ম্যানেজার আনোয়ারুল করিম যদিও জানিয়েছেন, কোচ ছুটি নিয়ে দেশে গেছেন ব্যক্তিগত কিছু সমস্যার সমাধান করতে; তবে ভেতরের খবর, আপুসির ব্যাপারে আর আগ্রহ নেই শেখ জামালের। তাঁর ফেরার দিনক্ষণও জানেন না ক্লাব কর্তারা। আপুসিকে বলা হয়েছে, ফিরতে চাইলে যেন ঢাকায় ফোন করে আসেন। মারুফুল হকই চালিয়ে নেবেন কোচের দায়িত্ব। ওদিকে ফিরে গেছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিও।