হারলে অনেক কিছুই সামনে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষত উপশমের চেষ্টা নানাভাবেই চলছে। ব্রেকফাস্ট রুমে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে নির্বাচক মিনহাজুল আবেদীনের দীর্ঘ আলোচনা, খেলোয়াড়দের সঙ্গে কোচ শেন জার্গেনসেনের আলাদা আলাদা কথা বলা কিংবা ঢাকা থেকে ফোন করে বোর্ড সভাপতির দেওয়া প্রেরণা—সবকিছুতেই আছে প্রথম টেস্টের দুঃসহ স্মৃতি ভুলে নতুন করে শুরুর সাহস জোগানোর চেষ্টা।কাল অনুশীলন ছিল না। দুপুরের পর মাঠে গেলেন কেবল প্রথম টেস্টে না খেলা তামিম ইকবাল ও মমিনুল হক। দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে দুজনেরই। হাতের অবস্থা বুঝতে আস্তে আস্তে ব্যাটিংয়ের সময় বাড়াচ্ছেন তামিম। সঙ্গে দরকার মানসিকভাবে তাঁকে সাহস জোগানোও। হয়তো সে কারণেই কাল সকালে দলের সঙ্গে থাকা বোর্ড সদস্য আহমেদ সাজ্জাদুল আলমের মোবাইলে ফোন করে তামিম ইকবালের সঙ্গেও কথা বললেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তাতে হাতের চোট নিয়ে শঙ্কাবোধে কোনো পরিবর্তন এল কিনা কে জানে, তবে রুমে ফেরার আগে এই প্রতিবেদককে তামিম বলে গেলেন, ‘ব্যাটিং করলে এখনো ব্যথা লাগছে। তবু নিজের জন্য না হলেও আমি দলের জন্য খেলতে চাই। পূর্ণ শক্তির দল নিয়ে নামলে সবাই সাহস পাবে। ওরাও (জিম্বাবুয়ে) আমাদের নিয়ে আরেকটু ভাববে।’তামিমের কথায় দলীয় চেতনাবোধ খুঁজে পাওয়াটা ভালো লাগল। নইলে দলটাকে কেমন যেন ছাড়া ছাড়া মনে হচ্ছে হারারেতে। টিম ডিনার জাতীয় কিছু না হলে সবাই একসঙ্গে খাওয়ার ব্যাপারটা তো দলের সংস্কৃতি থেকে বোধ হয় উঠেই গেছে। নাশতার টেবিলেও আসেন যে যাঁর সময়মতো। ম্যানেজার তানজীব আহসান সবাইকে নিয়ে হারারের অদূরে লায়ন ও চিতাপার্কে যাওয়ার ব্যবস্থা করেছিলেন কাল। সেখানেও খেলোয়াড়দের মধ্যে গেলেন শুধু দুই পেসার শাহাদাত হোসেন ও সাজেদুল ইসলাম। এর মধ্যে শাহাদাত তো ছিটকেই পড়েছেন এই সিরিজ থেকে।খেলার বাইরে খেলোয়াড়দের শুধু নিজেকে নিয়ে থাকার মানসিকতা টিম ম্যানেজমেন্টেরও পছন্দ নয়। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের সামনে প্রসঙ্গটা তুলতেই হেসে উড়িয়ে দিলেন, ‘সবকিছু নির্ভর করে পারফরম্যান্সের ওপর। খারাপ খেললে অনেক কিছুতেই সমস্যা চোখে পড়ে। ভালো খেললে কোনো কিছুই সমস্যা মনে হয় না। যাঁরা এ রকম কথা বলেন, তাঁরা সবাই জানেন আমরা কেমন ছেলে। তার পরও এসব কথা যে কেন আসে! প্রথম টেস্টটা খারাপ খেলেছি, এর বাইরে আমি দলে কোনো সমস্যা দেখি না।’মুশফিকের সঙ্গে মিনহাজুল আবেদীনের প্রাতরাশ বৈঠকের পরিকল্পনা আগে থেকেই করা ছিল। অধিনায়কের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, সেটা অবশ্য বলেননি মিনহাজুল। নিজে অধিনায়ক ছিলেন, দল খারাপ করলে অধিনায়কের ওপর বাড়তি চাপটা তাঁর ভালো করেই জানা। হয়তো সে অভিজ্ঞতা থেকেই সাহস দেওয়ার চেষ্টা করেছেন মুশফিককে। বর্তমান পরিস্থিতিতে এর দরকারও আছে। ২০১১ সালে জিম্বাবুয়ে-ব্যর্থতার তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় নেতৃত্ব হারিয়েছিলেন সাকিব-তামিম। হার দিয়ে শুরু এবারের সফরটাও বেশ স্পর্শকাতর হওয়ার কথা মুশফিকের জন্য। মুশফিক সেটা জানেনও, ‘জিম্বাবুয়ের সঙ্গে খারাপ খেললেই চারদিকে সমালোচনার ঝড় ওঠে। ওদের বিপক্ষে ব্যর্থতা কেউ মানতে চায় না।’ প্রতিপক্ষ জিম্বাবুয়ে মানেই বাংলাদেশের জন্য একটা চাপ। অধিনায়ক হিসেবে সেই চাপটা সবচেয়ে বেশি টের পাচ্ছেন তিনিই, ‘এমন নয় যে এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা। আগেও এ রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে যেটা বললাম, জিম্বাবুয়ের বিপক্ষে হারার প্রতিক্রিয়াটা একটু বেশিই হয় আমাদের দেশে।’জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশ দলের এত চিন্তা, তা প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে কী ভাবছে বাংলাদেশকে নিয়ে? দারুণ এক জয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিধ্বস্ত হয়ে আসা দলটা আবারও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে বলে বিশ্বাস অন্তর্বর্তীকালীন কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গোর। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ কোচ সঙ্গে এটাও জানিয়ে দিলেন, ‘আমাদের পা মাটিতেই আছে।’বাংলাদেশের মতো জিম্বাবুয়ের খেলোয়াড়েরাও বাংলাদেশের বিপক্ষে খেলাটাকে অস্তিত্বের সংগ্রাম হিসেবে দেখেন। শত প্রতিকূলতায়ও দলটা তাই এককাট্টা। ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ চলাকালেও পুরো দলকে একসঙ্গে রাখতে পারছে না। হারারেতে যাঁদের বাড়িঘর আছে, বোর্ডের হোটেল খরচ বাঁচাতে তাঁরা সেখানেই থাকছেন। হোটেলে আছেন শুধু অন্য শহরের ক্রিকেটাররা। বুলাওয়েতে গিয়েও নাকি স্থানীয়রা খেলবেন নিজ বাড়িতে থেকে।অথচ হারারের এভনডেল-বরোডেলের মতো এলাকায় গেলে মনে হবে ইংল্যান্ডের কোনো ছোট শহরেই বুঝি ঢুকে পড়েছেন! পরিপাটি রাস্তাঘাট আর ছিমছাম সাজানো শহর অনেকটাই ঢেকে রেখেছে দারিদ্র্যের গোপন দুঃখ। বাস্তবতা হলো, জীবনের সংগ্রাম এখনো এখানে নিরন্তর। তা যতই জিম ডলারের জায়গা নিয়ে নিক মার্কিন ডলার। কিংবা ক্রিকেট মাঠে বাংলাদেশকে দরিদ্র প্রমাণ করে দিক টেলরের দল।