
কিছুদিনের বিশ্রাম হয়তো তাঁর দরকার ছিল। কিন্তু সেটা এভাবে আসুক, ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চয়ই তা চাননি।
চায়নি রিয়াল মাদ্রিদও। অবিশ্বাস্য ফর্মে থাকা রিয়াল তারকা যে কিছুদিন ধরে একাই গুঁড়িয়ে দিচ্ছিলেন প্রতিপক্ষদের! টানা খেলার ক্লান্তি থেকে মুক্তি দিতে রোনালদোকে কিছুদিন বিশ্রাম দেওয়া হবে কি না—এমন প্রশ্নে রিয়াল কোচ বলেছিলেন, ‘ওকে আমার ক্লান্ত মনে হচ্ছে না এখনো, মনে হলে ঠিকই বিশ্রাম দেব।’
সেই বিশ্রাম রোনালদো পেলেনও। নাহ, আনচেলত্তিকে দিতে হয়নি। চোটই মাঠের বাইরে ছিটকে দিয়েছে রোনালদোকে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাতে যে কারণে দর্শক হয়েই থাকতে হবে তাঁকে।
আজকের পর গ্রুপের আরও একটি ম্যাচ আছে। শেষটিতে প্রতিপক্ষ কোপেনহেগেন। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে রিয়ালের দরকার একটি মাত্র পয়েন্ট। রোনালদোর না-থাকাটা তাই বড় কোনো ধাক্কা হয়ে আসছে না কার্লো আনচেলত্তির দলের জন্য। কিন্তু রোনালদোর নিজের কি একটু আফসোস হচ্ছে না? আগের চার ম্যাচে আট গোল করে ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। সেই রেকর্ডটিকে নিজের করে নেওয়াটাকে মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। এ বছরের গোলসংখ্যাও (৬৭) তো আরও বাড়িয়ে নিতে পারতেন তুলনামূলক দুর্বল দুই প্রতিপক্ষের সঙ্গে। তার বদলে এভাবে মাঠের বাইরে চলে যাওয়া!
দলের সেরা তারকাকে হারিয়েও আনচেলত্তি কিন্তু নির্ভার। কিন্তু সবাই থাকার পরও পরের রাউন্ডে উঠতে পারবেন কি না সেই চিন্তায় কপালে ভাঁজ জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিও জয় পায়নি জুভেন্টাস। শেষ ষোলোর লড়াইয়ে থাকতে হলে আজ কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচসহ বাকি দুটি ম্যাচে জিততেই হবে সিরি ‘আ’র শীর্ষে থাকা দলটিকে। হারলেই আশা শেষ, যেকোনো একটি ম্যাচ ড্র হলেও আশা থাকবে, তবে সে ক্ষেত্রে ওদের নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। কন্তে সেটা মোটেই চাচ্ছেন না, ‘আমি চাই আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকুক। অন্যদের ফলের ওপর নির্ভর করতে চাই না। এই টুর্নামেন্টে এখনো আমরা আরও অনেকদূর যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী।’
একই প্রত্যাশা ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডেরও। বে অ্যারেনায় আজ বেয়ার লেভারকুসেনের সঙ্গে জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে ডেভিড ময়েসের দলের। শাখতার দোনেস্কের সঙ্গে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে আজই তাই নিশ্চিন্ত হয়ে যেতে চান ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, ‘বাকি কাজটুকু আজই শেষ করে ফেলতে চাই, যাতে ফিরে গিয়ে প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে পারি।’
আজই নকআউট পর্বের টিকিট পেয়ে যেতে পারে জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজিও। চার ম্যাচে ১০ পয়েন্ট, আজ অলিম্পিয়াকসের সঙ্গে শুধু ড্র হলেই চলে। সেটি এমন বড় কোনো চাওয়া নয়, লরাঁ ব্লাঁ দায়িত্ব নেওয়ার পর তো এখন পর্যন্ত হারেইনি পিএসজি। তবে মিগুয়েল তোরেস কোচ হয়ে আসার পর গ্রিক লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত অলিম্পিয়াকসও!
আগের ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলায় আজ একেবারে ফুরফুরে মেজাজে মাঠে নামবে ‘ডি’ গ্রুপের দুই দল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। দুদলের শেষ দুটি ম্যাচের গুরুত্ব একটাই—গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ। তবে সিএসকেএ মস্কোর বিপক্ষে আজ বাড়তি একটা লক্ষ্য হয়তো আছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের।
আজ জিতলেই চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচ জেতার নতুন রেকর্ড গড়বে পেপ গার্দিওলার দল। এএফপি।
আজ মুখোমুখি
লেভারকুসেন : ইউনাইটেড
শাখতার : সোসিয়েদাদ
জুভেন্টাস : কোপেনহেগেন
রিয়াল : গ্যালাতাসারাই
আন্ডারলেখট : বেনফিকা
পিএসজি : অলিম্পিয়াকস
সিএসকেএ মস্কো : বায়ার্ন
ম্যান সিটি : প্লজেন