হারলেই বাদ মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপ। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি মেক্সিকো-ক্রোয়েশিয়া। মুখোমুখি নিকো কোভাচ-রাফায়েল মার্কেজ। ১২ বছর পর আজ আবার মুখোমুখি দুই দল। থাকছেন সেই দুই চেনা ‘শত্রু’ও। তবে তাঁদের প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা বদলে গেছে। সেই ম্যাচে মেক্সিকোর অধিনায়ক মার্কেজের বাহুতে এখনো অধিনায়কের বাহুবন্ধনী। খেলোয়াড়ি পাট চুকিয়ে কোভাচ এখন ক্রোয়েশিয়ার কোচ। আজ তাঁদের লড়াইটা তাই অন্য রকম। তবে দুজনের লক্ষ্য অভিন্ন—জয়।
সেদিন ১-০ গোলে জয়ী মার্কেজের মেক্সিকোই পরে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। ক্রোয়েশিয়া বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। আজ? প্রতিশোধের জন্যই শুধু নয়, দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন পূরণের জন্যও ক্রোয়েশিয়াকে আজ জিততে হবে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হারলেও ক্যামেরুনের সঙ্গে ৪-০ জয়ে ৩ পয়েন্ট ক্রোয়েশিয়ার। আজ গ্রুপের শেষ ম্যাচে একমাত্র জয়ই পারে ক্রোয়েশিয়াকে শেষ ষোলোয় তুলতে। রেসিফের ম্যাচটাকে কোভাচ তাই বলছেন ‘ফাইনাল’। প্রতিপক্ষকে সমীহ করছেন। তবে নিজের দল ওপর কোভাচের অগাধ আস্থা, ‘মেক্সিকোর ম্যাচটা আমাদের জন্য ফাইনালের মতো। মেক্সিকো শক্তিশালী দল। আমরাও। তাদের আক্রমণভাগ শক্তিশালী। তবে রক্ষণে কিছুটা দুর্বলতা আছে। ব্রাজিল সেটা আমাদের দেখিয়ে দিয়েছে।’
ব্রাজিল-মেক্সিকো ম্যাচ আরও একটা বিষয় দেখিয়েছে। দ্বিতীয় রাউন্ডের স্বপ্নে বিভোর কোভাচ বলতে ভুলে যেতে পারেন। তাতে অবশ্য গিলের্মো ওচোয়ার কিছু যায়-আসে না। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত গোলরক্ষক তিনিই। সবচেয়ে সফলও। এ পর্যন্ত মাত্র দুটি দলই নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে পেরেছে—নাইজেরিয়া ও মেক্সিকো। ব্রাজিলকে বলতে গেলে একাই রুখে দিয়েছেন ওচোয়া। ক্রোয়েশিয়ারও বড় মাথাব্যথার কারণ হতে পারেন তিনিই।
দুই ম্যাচে ৪ পয়েন্ট, ওচোয়ার দলও ভালো জায়গায়। আজ ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত মেক্সিকোর। জিতলে সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও। সেটা অবশ্য ব্রাজিল-ক্যামেরুনের ওপর নির্ভর করবে। তবে ড্র নয়, মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা জয়ের ছক কষেই নামছেন, ‘আমাদের আরও একটা গ্রুপ ম্যাচ বাকি। আর সবার মতো আমরাও জয়ের জন্যই খেলব। ড্রয়ের জন্য খেললে আপনি হেরেও যেতে পারেন।’ এএফপি ও ওয়েবসাইট।