হারলেন ইভানোভিচ, সেমিতে লি না

ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে এসেছিলেন আনা ইভানোভিচ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইউজেনি বুচার্ডকে। টেনিসের শীর্ষ তারকাকে হারানোর পরের ম্যাচেই যে ইভানোভিচ ১৯ বছর বয়সী বুচার্ডের কাছে হেরে যাবেন, সেটা হয়তো কেউ ভাবতেও পারেননি। কিন্তু বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। ইভানোভিচকে ৫-৭, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল নিশ্চিত করেছেন কানাডিয়ান তারকা।
প্রথম সেটটা ৫-৭ ব্যবধানে জিতে শুরুটা ভালোভাবেই করেছিলেন ইভানোভিচ। কিন্তু পরের সেটটা ওই একই ব্যবধানে জিতে সমতা ফেরান বুচার্ড। আর শেষ সেটটা জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে খুব বেশি কষ্ট করতে হয়নি তাঁকে। ৬-২ গেমের সহজ জয় দিয়েই নিশ্চিত করেছেন শেষ চারের লড়াই। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ চীনা তারকা লি না। ইতালির ফ্লাভিয়া পেনেত্তার বিপক্ষে ৬-২, ৬-২ গেমের সহজ জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন গতবারের এই ফাইনালিস্ট। বিবিসি অনলাইন