অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৭ রান করেও পরাজিত দলে ঠাঁই পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রান করেও হারা ম্যাচে তাঁর ইনিংসটি জায়গা পেল ২৮ নম্বরে। ২০০৯ সালের ১৬ আগস্ট বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে সেই সময়ের বিশ্ব রেকর্ড (অপরাজিত ১৯৪) ছুঁয়েও হেরেছিলেন জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি। এরপরই আছে ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের অপরাজিত ১৮১ রান। তৃতীয় স্থানে শচীন টেন্ডুলকার (১৭৫, অস্ট্রেলিয়া, ২০০৯)। এই তালিকায় সবচেয়ে বেশিবার আছে টেন্ডুলকারের নাম। প্রথম ৩০টির মধ্যে তাঁরই ৬টি ইনিংস। দেড় শ রানের বেশি করে পরাজিতের কাতারে আর আছেন রবিন স্মিথ (১৬৭*, বিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯৯৩), রিকি পন্টিং (১৬৪, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৬), দিলশান (১৬০ রান, বিপক্ষ ভারত, ২০০৯) ও গেইল (১৫২*, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৪)। তালিকার ৪৯তম স্থানে আছেন বাংলাদেশের তামিম ইকবাল (১২৫, বিপক্ষ ইংল্যান্ড, ২০১০)।