রেকর্ডের কোনো পাতাতেই বন্ধু ব্রায়ান লারাকে বোধ হয় স্বস্তিতে থাকতে দিতে চান না শচীন টেন্ডুলকার। হোক না সেই রেকর্ডটা অস্বস্তির। এই যেমন পরাজিত দলের হয়ে সবচেয়ে বেশিবার টেস্ট সেঞ্চুরির রেকর্ডটির কথা ধরুন। লারার ৩৪ সেঞ্চুরির ১৪টি এসেছিল ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়া ম্যাচে। সেঞ্চুরিয়নে হেরে যাওয়া ম্যাচের সেঞ্চুরিটা এদিক দিয়ে টেন্ডুলকারের জন্য ১১তম। রেকর্ডের এই তালিকায় শুধু এই দুজনই সেঞ্চুরি করেছেন ১০টির বেশি। ৮টি সেঞ্চুরি নিয়ে তিনে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। হারা ম্যাচে ৭টি করে সেঞ্চুরি আছে মোহাম্মদ আজহারউদ্দিন ও অ্যান্ডি ফ্লাওয়ারের। হেরে যাওয়া ম্যাচে ৬ সেঞ্চুরি আছে চারজনের—জ্যাক হবস, সুনীল গাভাস্কার, অ্যালান ল্যাম্ব ও শিবনারায়ণ চন্দরপলের। পাঁচটি সেঞ্চুরি নিয়ে এর পর আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। এখানে অবশ্য তাঁর সঙ্গী অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, বীরেন্দর শেবাগ ও রামনরেশ সারওয়ান।