হারানোর সানাইয়ে প্রাপ্তিরও সুর
ম্যাচ শেষ। ড্রেসিংরুমে ফিরছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। পথে কর্মকর্তাদের সঙ্গে হাত মেলালেন। সবার চোখেই হতাশা আঁকা। তবে মনের মধ্যে একটা প্রাপ্তির হাসিও ছিল। হতাশা ভারতের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ফাইনালে যেতে না পারার। আর প্রাপ্তির হাসি? বাংলাদেশের হকির ইতিহাসে ভারতের জাতীয় দলের বিপক্ষে প্রথম ড্র পাওয়ার।বিশ্ব হকির একদা পরাশক্তি ভারতের সেই পরাক্রম হয়তো এখন আর নেই। তবে এশিয়ায় তারা এখনো পরাশক্তি, দক্ষিণ এশিয়ায় তো আরও। বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে খেলায়ও এই ব্যবধানটা স্পষ্ট ফুটে ওঠে। তবে বাংলাদেশের হকিতে কালকের দিনটি ছিল অন্যরকম। জিতলেই ফাইনাল, নিশ্চিত হয়ে যাবে এবারের এসএ গেমসের রুপা—এই হিসাব যখন সামনে দাঁড়িয়ে, রাসেল মাহমুদ, পুষ্কর, নান্নু, কামরুজ্জামানরা দেখা দিলেন অমিত বিক্রম যোদ্ধার রূপে। ম্যাচের প্রথম মিনিট দশেক ভারতের বীরেন্দ্র, যুবরাজ, ধরমভ, বিকাশরা দাপট দেখালেন ঠিকই। তবে প্রথমার্ধের লড়াইটা জিতল বাংলাদেশই। ভারত ০: ২ বাংলাদেশ। বাংলাদেশের হকির জন্য স্বপ্নের মতো এক স্কোরলাইন। দুটি গোলই অসাধারণ দুটি পাল্টা আক্রমণ থেকে।১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ধরমভকে গোল করতে দেননি বাংলাদেশের গোলরক্ষক। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে লম্বা পাসে সেটি দিয়ে দেন ভারতের সীমানায় থাকা নান্নুকে। বাঁ প্রান্ত দিয়ে ভারতের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নান্নু বল দেন পেনাল্টি বক্সে দাঁড়িয়ে থাকা কামরুজ্জামানকে। কামরুজ্জামানের ফ্লিক ঢুকে যায় পোস্টে (১-০)। ১০ মিনিট পর বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন পুষ্কর (২-০)। পিন্টু ও মোস্তফা ওয়ান টু ওয়ান খেলে বল দিয়েছিলেন পিন্টুকে।বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে ভারত একটু হকচকিয়েই গিয়েছিল। তা না হলে যাদের পেনাল্টি কর্নার পাওয়া মানেই বল প্রতিপক্ষের পোস্টে, সেই ভারত ৭টি পেনাল্টি কর্নারে একটিও গোল করতে পারবে না কেন? বাংলাদেশের খেলোয়াড়েরাও কি নিজেদের পারফরম্যান্সে নিজেরাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন! আর না হলে তাঁরাই বা প্রথমার্ধের খেলার ছিটেফোঁটাও দ্বিতীয়ার্ধে খেলতে পারবেন না!দ্বিতীয়ার্ধে হঠাত্ করেই নিজেদের রক্ষণে গুটিয়ে নেয় স্বাগতিকেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করে গেছে ভারত। ৫২-৫৪ মিনিট—দুই মিনিটের ব্যবধানে রঘুনাথ ও মোহাম্মদ দুই গোল করে ম্যাচে ফেরান ভারতকে। মিনিট ১৩ পর বাংলাদেশের সোনা অথবা রুপার স্বপ্ন এলোমেলো করে দেন ধরমভ (৩-২)। অন্তিম মুহূর্তে মোস্তফার একক নৈপুণ্যে করা গোল বাংলাদেশকে সমতায় ফেরায় ঠিকই, ফাইনালে আর তুলতে পারেনি।স্বপ্ন এভাবে বেপথু হলো কেন? ম্যাচ শেষে বাংলাদেশের কোচ গেরহার্ড মুখে থাকা সহজ ব্যাখ্যাটাই দিলেন, ‘অভিজ্ঞতা। আমরা আসলে অভিজ্ঞতার কাছেই হেরে গেছি। ওদের দলে তিনজন খেলোয়াড় আছে যারা গত বিশ্বকাপে খেলেছে। আর ওদের একেকজন খেলোয়াড়ের রয়েছে দেড় শর ওপরে ম্যাচ খেলার অভিজ্ঞতা।’