হারার আগেই হার মেনে নেওয়া ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে সর্বশেষ তিন ম্যাচের বিবেচনায় বাংলাদেশের ব্যাটিংয়ে ‘নাটকীয়’ উন্নতি। সমস্যা হলো, ৫৮-৭৮-এর মতো লজ্জায় অধোবদন হওয়ার মতো না হলেও এই ২১০-ও কম অস্বস্তির নয়।টেস্ট ম্যাচে না জিততে পারলেও ড্র থাকে। কিন্তু ওয়ানডেতে যখন কোনো ইনিংসের সমীকরণ থেকে ‘জয়’টা মুছে যায়, সেটি বড় অর্থহীন খেলা হয়ে দাঁড়ায়। জয়ের চেষ্টাই দৃশ্যমান না হলে চরম বিরক্তির। কাল সেই বিরক্তিই দর্শকদের বাংলাদেশ দলের উপহার।বাংলাদেশ এ ধরনের ক্রিকেট অনেক খেলেছে। এখন বিস্ময়কর বলে মনে হলেও এমন খেলে সাধুবাদও পেয়েছে! একটা সময় তো ছিলই, যখন জয়-পরাজয় ভুলে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ৫০ ওভার খেলে ২১০ রানই যথেষ্ট তৃপ্তির কারণ হতো।দিন বদলেছে, সমর্থকদের চাহিদাও। সম্মানজনক পরাজয়ের লক্ষ্য নিয়ে খেলাটাও এখন তাই দর্শক-প্রত্যাশার সঙ্গে প্রতারণাতুল্য বলে বিবেচিত। বলতে পারেন, বাংলাদেশের ব্যাটিং কাল সেই ‘প্রতারণা’ই করল।প্রথম ওভারে ৫ রান এসেছিল। পরের ৪৭ ওভারে রানরেট আর ৪-এর ওপরেই উঠল না! ৪৮তম ওভারে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের যেন প্রথম মনে পড়ল, ‘আরে, এটা তো ওয়ানডে ম্যাচ। এখানে তো কম উইকেট হারানোর জন্য কোনো পুরস্কার নেই।’ সেই ওভারে চার-ছয়ে তাই ১৪ রান। পরের ওভারে ৮ রান যোগ হয়ে ৪৯ ওভার শেষে রানরেট ৪-এর ওপরে। কিন্তু তখন কে রানরেট নিয়ে মাথা ঘামায়! শেষ দুই ওভারে বাংলাদেশের কত প্রয়োজন ছিল জানেন? মাত্র ৮১ রান!তার মানে, ম্যাচ শেষ হয়ে গেছে আরও অনেক আগেই। একেবারে নির্দিষ্ট করে বললে তামিম ও সাকিবের ৬৭ রানের জুটির সময়েই। ছয় বলের মধ্যে ইমরুল ও শাহরিয়ারের (প্রথম বলেই আউট) বিদায় ২ উইকেটে ৯ ভয়ের একটা কাঁপুনি ছড়িয়ে দেওয়াই স্বাভাবিক। ৫৮ ও ৭৮ দুঃস্বপ্ন ফিরে আসাও। ২২ বলে ৭ রানের ‘লড়াকু’ ইনিংস খেলে রকিবুলও ড্রেসিংরুমমুখী হাঁটা শুরু করার পর অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটি। বল আর রানের সমীকরণটা তখন কাছাকাছি—২২৩ বলে চাই ২২২ রান।রান-বল দুটিই কমতে থাকল এরপর। তবে বল যদি খরগোশের গতিতে, রান কমল কচ্ছপের গতিতে। সাকিব-তামিম উইকেটে বলেই আরও বিস্ময়। শুধু এই দুজনেরই ক্ষমতা ছিল অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম দুটি সেঞ্চুরিই সাকিবের (৬৩ ও ৬৮ বলে), তামিম কী পারেন, সেটিও সবারই জানা। অথচ জুটিতে ৬৭ রান ১০৩ বলে!তামিম অবশ্য শৃঙ্খল ছেঁড়ার চেষ্টা করতে গিয়েই আউট। বাঁহাতি স্পিনার ডোহার্টিকে যাঁর মাথার ওপর দিয়ে ছক্কা মারলেন, দ্বিতীয় ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সেই স্মিথের হাতেই ক্যাচ। ৮৯ বলে তামিমের ৬২। সাকিবও খেলেছেন ৮৯ বলই। রান ৫১।উইকেট সহজ ছিল না। অস্ট্রেলিয়ার বোলিং তো নয়ই। তার পরও হাতে ৫ উইকেট রেখে এত বড় ব্যবধানে হার প্রশ্ন জাগাবেই—বাংলাদেশ কি তাহলে পরাজয় মেনে নিয়েই ব্যাটিং করতে নেমেছিল? প্রশ্নটা বড় হয়ে উঠছে হাতে ৫ উইকেট থাকায়। আরও বড়—তামিম-সাকিব উইকেটে থাকতে ব্যাটিং পাওয়ার প্লে না নিয়ে সেই শেষ ৫ ওভারের অপেক্ষায় থাকায়। ৫৮ ও ৭৮ রানের ওই দুঃস্বপ্নের ছায়া থেকে বেরোনোই কি তাহলে এই ম্যাচে বাংলাদেশের একমাত্র লক্ষ্য ছিল?মিরপুরের উইকেটে দুপুরের পর স্ট্রোক খেলা আরও কঠিন হয়ে যায় জেনেও সাকিবের টসে জিতে ফিল্ডিং করার কারণও হয়তো তাই। বাধ্যতামূলক প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার ৭৬ রান যে সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। পরের দুটি পাওয়ার প্লেতে অবশ্য দুর্দান্ত করেছেন বাংলাদেশের বোলাররা। বোলিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ১০ রান, একটি উইকেটও। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ২৭। ক্লার্ক ও হাসির ৮৪ রানের জুটির সময় ৬৫ বল কোনো বাউন্ডারি দেখেনি।আড়াই শর নিচে অস্ট্রেলিয়াকে আটকে রাখা যখন খুবই সম্ভব বলে মনে হচ্ছে, রানটা এক ঝটকায় ২৭০ হয়ে গেল শেষ দুই ওভারের তাণ্ডবে। ৪৯তম ওভারে শফিউল দিলেন ১৩ রান, ৫০তম ওভারে মাশরাফি ১৮।বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার আবির্ভাব রীতিমতো নাটকীয়। গত কিছুদিন তাঁকে নিয়েও মঞ্চস্থ হচ্ছে একের পর নাটক। বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। তাঁকে নেওয়া হয়নি। এই সিরিজে খেলতে চাননি। যা শোনা যাচ্ছে, খেলতে বাধ্য হয়েছেন। পুরো ফিট না হয়েও প্রথম ২ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট—এটা শুধু মাশরাফি বলেই সম্ভব হলো। তৃতীয় ওভারে পন্টিং পরপর তিনটি চার মেরে বাস্তবতার মাটিতে নামিয়ে আনলেন তাঁকে। পরের ওভারে ওয়াটসন পরপর দুই বলে চার ও ছয় মেরে আরেকটু। ৪ ওভারের প্রথম স্পেলে ২৬ রানে ১ উইকেট। ৩ ওভারের দ্বিতীয় স্পেলে ১৪ রান। ২ ওভারের শেষ স্পেলে মাইকেল ক্লার্কের উইকেটটি নিয়েছেন, তবে বোলিং বিশ্লেষণটা খারাপ হয়ে গেছে এর আগেই। শেষ বলে জনসনের ছক্কায় আরেকটু বিস্বাদ হয়ে গেছে মাশরাফির ফেরাটা।আউট হওয়ার ঠিক আগের বলে মাশরাফিকে ছক্কা মেরেই মাইকেল ক্লার্কের সেঞ্চুরি। অধিনায়কের ভূমিকায় এর আগেও দুটি সেঞ্চুরি ছিল। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষয়িষ্ণু অস্ট্রেলীয় সাম্রাজ্যের অধীশ্বর হওয়ার পর প্রথম ম্যাচেই সেঞ্চুরির আলাদা একটা তাৎপর্য না থেকে পারেই না। ক্লার্কের উদ্যাপনও তা ভালোমতোই বুঝিয়ে দিয়েছে।টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া অধিনায়কের সেঞ্চুরি। তবে অধিনায়ক দুজন। ভারতের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরিটি যেখানে শেষ হয়েছিল, কাল যেন সেখান থেকেই শুরু করেছিলেন পন্টিং। ইনিংসটিকে ৩১ বলে ৩৪ রানেই থামিয়ে দিল রানআউট। পন্টিং বেরিয়ে গেলেন, ঢুকলেন ক্লার্ক। তিন নম্বর ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর চার নম্বর ব্যাটসম্যানের ব্যাট করতে নামার স্বাভাবিক ছবিটাই কেমন প্রতীকী মনে হলো।রিকি পন্টিংয়ের শেষ, মাইকেল ক্লার্কের শুরু!