হারার পর বিতর্কে পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনাট্যটা একরকম লেখাই ছিল, গত পরশু রাতে প্যারালিম্পিকের ২০০ মিটারে জিতে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন অস্কার পিস্টোরিয়াস। সেই চিত্রনাট্য বদলে দিয়ে সোনা জিতলেন ব্রাজিলের অ্যালান অলিভিয়েরা। পিস্টোরিয়াস পেলেন রুপা।তবে এরপরই বিতর্কের সূচনা করেন পিস্টোরিয়াস। ব্রিটিশ চ্যানেল ফোরের কাছে অভিযোগ করেন, সোনাজয়ী অলিভিয়েরাসহ আরও অনেকে অন্যায় সুবিধা ভোগ করছেন। এই দৌড়টা ছিল দুই পা-বিহীন অ্যাথলেটদের জন্য (টি৪৪), প্রত্যেকেই দৌড়েছেন কৃত্রিম পায়ের সাহায্যে। কিন্তু পিস্টোরিয়াসের দাবি, সোনাজয়ী অ্যালানসহ বেশ কয়েকজনের ‘পা’ তাঁর চেয়ে অন্তত ইঞ্চি চারেক লম্বা। এটাই নাকি অলিভিয়েরাকে বাড়তি সুবিধা দিয়েছে, ‘রিপ্লেতে দেখুন। আমি জানি না ১০০ মিটার শেষে আট মিটার পেছনে থেকে আপনি কীভাবে জিততে পারেন। এটা একদমই হাস্যকর!’ ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কাউন্সিলকে (আইপিসি) আক্রমণ করতেও ছাড়েননি, ‘ওরা (আইপিসি) তো কিছু শুনতেই চায় না। তাদের নিয়ম আছে। কিন্তু সেই নিয়মের মধ্যে থেকেই অ্যাথলেটরা তাদের পা অবিশ্বাস্য রকম বাড়িয়ে নিতে পারে। বেশ কয়েক সপ্তাহ ধরে সমস্যাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু ওসব বধিরের কানে এটা ঢুকলে তো!’পিস্টোরিয়াসের এই আচমকা আক্রমণে হতভম্ব সোনাজয়ী অ্যালান অবশ্য তাঁর বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘শুধু প্রোসথেসিটকই (কৃত্রিম পা) তো নয়, এই জয়ের পেছনে অনেক প্রস্তুতিও ছিল। আমি এ ধরনের অভিযোগ শুনে হতাশ। কোনো নিয়ম তো আমি ভাঙিনি। আমি এখানে উদ্যাপন করতে এসেছি, কোনো বিতর্কের মধ্যে আমি যেতে চাই না।’ পিস্টোরিয়াসকে একজন অনুসরণীয় অ্যাথলেট বলেই মানেন, সেজন্যই বেশি মন খারাপ এই ব্রাজিলিয়ানের। আইপিসিও পিস্টোরিয়াসের অভিযোগকে আমলে নেয়নি। সংস্থাটি জানিয়েছে, প্রত্যেক অ্যাথলেটের গঠন ও উচ্চতার ওপর ভিত্তি করে কৃত্রিম পায়ের মানদণ্ড ঠিক করা হয়। এখানে কোনো অস্বচ্ছতা বা কারও প্রতি পক্ষপাতেরও অবকাশ নেই। পরাজয়ের হতাশায় অমন একটা কথা বলে পরে সম্ভবত অনুশোচনা হয়েছে পিস্টোরিয়াসের। প্রতিক্রিয়া জানানোর সময়ই বলেছিলেন, ‘অ্যালানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাই না। ও গ্রেট অ্যাথলেট।’ গতকাল ক্ষমাও চেয়েছেন তাঁর কাছে, ‘আমি আরেকজন অ্যাথলেটের জয়ের মুহূর্তটাকে কখনোই পণ্ড করতে চাইনি। ওই সময় ওই মন্তব্য করার জন্য আমি ক্ষমা চাইছি। আমি মনে করি, এখানে একটা ঝামেলা আছে এবং আইপিসির সঙ্গে এ নিয়ে আলোচনা করার সুযোগকে স্বাগত জানাব। তবে আমি মেনে নিচ্ছি, ট্র্যাক থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ওই প্রসঙ্গটা তোলা ঠিক হয়নি।’ এএফপি ও রয়টার্স।