হারারে স্বপ্ন দেখাচ্ছে পেসারদের
শ্রীলঙ্কা থেকে অনেক কিছু নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। কিছু কি হারিয়েও আসেনি? জিম্বাবুয়ে সফর দিচ্ছে তা ফিরে পাওয়ার হাতছানি। গল, কলম্বো, হাম্বানটোটা বা পাল্লেকেলেতে যা হারিয়ে গেছে, তা ফিরে পাওয়া যাবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে!এটা একটা আশা এবং আশাটা পেস বোলারদের নিয়ে। বাংলাদেশের পেস বোলিং কখনোই গর্ব করার মতো কিছু ছিল না। তবে শ্রীলঙ্কা সফরে এটি পরিণত হয়েছিল ‘আতঙ্কে’! পেসারদের হাতে বল তুলে দেওয়া মানেই হয়ে দাঁড়াচ্ছিল বিভীষিকাময় পরিস্থিতির জন্য অপেক্ষা। জিম্বাবুয়ে সফর পেসারদের জন্য সেই আস্থা ফেরানোর সুযোগ।রবিউল ইসলামের বিশ্বাস, সুযোগটা কাজে লাগানো খুবই সম্ভব। ২০১১ সালে হারারেতে খেলা টেস্টটির স্মৃতি আত্মবিশ্বাসী করছে তাঁকে, ‘হারারের উইকেট সেবার আমাদের অতটা সাহায্য না করলেও আমি আর রুবেল মোটামুটি ভালো বল করেছিলাম। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী, এবার আগের চেয়ে ভালো কিছু হবে।’ এই আত্মবিশ্বাসের কিছুটা রসদ রবিউল পাচ্ছেন সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফর থেকেই। পেসারদের জন্য দুঃস্বপ্নের সফর হলেও রবিউল মনে রাখতে চান কলম্বো টেস্টের পারফরম্যান্স, ‘শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে আমি ভালো বল করেছি। চেষ্টা করব ওই বোলিংটাই ধরে রাখতে।’গলে প্রথম ইনিংসে খুব একটা ভালো বল না করলেও দ্বিতীয় ইনিংসে নিজেকে কিছুটা ফিরে পেয়েছিলেন আরেক পেসার শাহাদাত হোসেন। তবু কলম্বো টেস্টে সুযোগ পাননি খেলার। পরে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেললেও ভালোর চেয়ে খারাপই হয়েছে বেশি। বিয়ের সময়টায় কোথায় নায়কের মতো কলার উঁচু করে হাঁটবেন তা না, দেশে ফিরেই জবাব দিতে হয়েছে সমালোচনার! তবে শাহাদাতের বউ-ভাগ্য বোধ হয় ভালো। শ্রীলঙ্কায় বাজে বল করেও অন্য পেসারদের চোটাঘাতের সুযোগে ঢুকে পড়েছেন বিয়ের দিনই ঘোষিত হওয়া জিম্বাবুয়ে সফরের দলে। লাইনটা পড়ে প্রতিবাদ করতে পারেন তিনি, ‘জিম্বাবুয়েতে কিন্তু আমার পারফরম্যান্স অত খারাপ নয়।’আসলে তা-ই। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেললেও ওয়ানডে খেলেছেন ১১টি, উইকেট ১৭টি। এর ১১টিই জিম্বাবুয়ের মাটিতে। ২০০৬ সালে জিম্বাবুয়েতে প্রথম সফরে হারারেতে হ্যাটট্রিকও আছে। জিম্বাবুয়ের মাটিতে এই ওয়ানডে-অতীত এবার টেস্টেও সাহস জোগাচ্ছে শাহাদাতকে, ‘হারারেতে আমি অনেক ওয়ানডে খেলেছি। আর ওদের খেলোয়াড়দের সবাইকে চিনি। দলটা আগের মতোই আছে, নতুন খেলোয়াড় কম। দোয়া করেন, যেন আগের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।’ হারারের ওয়ানডে অভিজ্ঞতা থেকেই বললেন, ‘ওয়ানডেতে ওখানে ২০০ রানই ফাইটিং স্কোর। বল খুব মুভ করে। এ জন্য জিম্বাবুয়ে সব সময় হারারেতে খেলতে চায়। এখানে ওরা কখনোই স্পিন উইকেট বানাবে না। আমার জন্য সেটাই ভালো হবে। অনেক অ্যাগ্রেসিভ বোলিং করব এবার।’হারারের উইকেট স্বপ্ন দেখাচ্ছে পাঁচ বছর পর দলে ফেরা সাজেদুল ইসলামকেও, ‘ক্যারিয়ার-সেরা বোলিং করতে চাই হারারেতে। ওখানে ৫ উইকেট নেওয়ার লক্ষ্য আছে।’ বাংলাদেশের উইকেটে পেস বোলিং মানে ‘নিজ ভূমে পরবাস’। জিম্বাবুয়ের উইকেটে গিয়েই তাই ‘নিজ ভূম’ খুঁজতে চান সাজেদুল, ‘আমাদের দেশের চেয়ে অনেক ভালো উইকেট জিম্বাবুয়েতে। আমাদের এখানে দেখবেন শীতকালের উইকেটে পেসাররা অনেক সময় ভালো বল করে। ওখানকার উইকেট ওরকম। কাজেই এক শ ভাগ দিতে পারলে ভালো বোলিং হবেই।’চোট কাটিয়ে দলে ফিরলেও এখনো আগের সেই ছন্দ ফিরে পাননি রুবেল হোসেন। শ্রীলঙ্কা সফরে নিজের পারফরম্যান্সে নিজেই যারপরনাই হতাশ। কাল প্রসঙ্গটা তুলতেই রুবেল তাকাতে চাইলেন সামনে, ‘জিম্বাবুয়ে সিরিজটা আমার জন্য খুবই চ্যালেঞ্জের হবে। যেভাবেই হোক, ভালো বোলিং করতে হবে।’ লক্ষ্য পূরণের স্বপ্নে তাঁকে স্বস্তি দিচ্ছে হারারের উইকেট, ‘হারারেতে এর আগে একটা টেস্ট খেলেছি। ওয়ানডেতেও ভালো বল করেছি। এবার দুইটা টেস্ট সেখানে বলে আমার জন্য ভালো হলো। হারারের উইকেট পেস বোলারদের অনেক সাহায্য করে।’জিম্বাবুয়ে সফরে পূরণ হবে তো পেসারদের হারারে-স্বপ্ন?