একঘেয়ে ক্লান্তিকর ক্রিকেট। এটাই হারারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটার সারসংক্ষেপ। সারা দিনে দুই দল মিলে রান তুলল মাত্র ২২০। বোলাররাও মাথা কুটলেন উইকেটের জন্য, উইকেটে পড়েছে মাত্র ৫টি। ৭ উইকেট হাতে নিয়ে নিস্তরঙ্গ এক দিনের শেষে পাকিস্তান পিছিয়ে আছে ১৩১ রানে। জিম্বাবুয়েকে হতাশ করতে দিন শেষেও ক্রিজে ছিলেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটই হয়তো গড়ে দেবে ম্যাচের ভাগ্য।
বাঁহাতি পেসার ব্রায়ান ভিটরিকে গালি ও স্লিপের মধ্য দিয়ে চার মেরে ফিফটি পুরো করা ইউনিস অপরাজিত আছেন ৫২ রানে। ওই বাউন্ডারিতেই আরও বড় মাইলফলক পেরিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ক্রিকেটে পেরিয়েছেন ৭ হাজার রান। ৮৪ ম্যাচ ও ১৪৭ ইনিংস লেগেছে ইউনিসের ৭ হাজার রান পেতে। এর আগে পাকিস্তানের হয়ে ৭ হাজার করেছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ ইউসুফ।
৯৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি ইউনিস-মিসবাহর। ২৯.১ ওভারে এই রান এসেছে। এ দুজনের আগে পাকিস্তানের হয়ে একাই লড়েছেন ওপেনার খুররম মনজুর। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মনজুর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৫১ রান করে। তাঁর ওপেনিং সঙ্গী মোহাম্মদ হাফিজ আউট হয়েছেন এ বছর টেস্টে নিজের সর্বোচ্চ ২২ রান করে।
দিনের শুরুতে পাকিস্তানকে হতাশ করেছে জিম্বাবুয়ের লেজ। স্বাগতিকদের শেষ ২ উইকেট ফেলতে এক ঘণ্টারও বেশি লেগেছে পাকিস্তানিদের, করতে হয়েছে প্রায় ২০ ওভার বোলিং। ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে নবম উইকেটটি হারায় ২৪৮ রানে। শেষ জুটিতে কিছুটা ভাগ্যের সহায়তায় আর পাকিস্তানিদের নির্বিষ বোলিংয়ে ট্যান্ডাই চাতারা ও ব্রায়ান ভিটরি যোগ করেন ৪৬ রান। জিম্বাবুয়েও পেয়ে যায় ২৯৪ রান। তথ্যসূত্র: এএফপি ও ওয়েবসাইট।
স্কোরকার্ড
জিম্বাবুয়ে ১ম ইনিংস
(১ম দিন শেষে, ২৩৭/৮; উতসেয়া ১৪*, চাতারা ০*)
রান বল ৪ ৬
উতসেয়া ক রাহাত ব জুনাইদ ২২ ৮২ ১ ০
চাতারা এলবিডব্লু ব রেহমান ২১ ৬৪ ২ ০
ভিটরি অপরাজিত ১৯ ৩৫ ২ ০
অতিরিক্ত (বা ৭, লেবা ১৪, ও ১) ২২
মোট (১০৯.৫ ওভারে অলআউট) ২৯৪
উইকেট পতন: ৮-২৩৪, ৯-২৪৮।
বোলিং: জুনাইদ ৩৩-১১-৬৭-৪ (ও ১), রাহাত ১৯-৭-৪৮-২, ইউনিস ৩-০-৭-০, আজমল ২৭-৬-৯২-১, রেহমান ২৩.৫-৬-৪৭-৩, হাফিজ ৪-০-১২-০।
পাকিস্তান ১ম ইনিংস
মনজুর রানআউট ৫১ ১২৮ ৯ ০
হাফিজ ক মাসাকাদজা ব ভিটরি ২২ ৩২ ৩ ০
আজহার এলবিডব্লু ব পানিয়াঙ্গারা ৭ ৩৩ ১ ০
ইউনিস ব্যাটিং ৫২ ১২৭ ৬ ০
মিসবাহ ব্যাটিং ২৭ ৮৮ ৩ ০
অতিরিক্ত (লেবা ৪) ৪
মোট (৬৮ ওভারে, ৩ উইকেটে) ১৬৩
উইকেট পতন: ১-২৯, ২-৬২, ৩-৯৬।
বোলিং: পানিয়াঙ্গারা ১৩-৩-৩০-১, ভিটরি ১৬-৫-৪২-১, চাতারা ১৮-৫-২৮-০, হ্যামিল্টন ৯-৪-১৮-০, উতসেয়া ১২-০-৪১-০।