হারি জিতি নাহি লাজ, ভালো খেলাই বড় কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখা যখন ছাপা হবে, তখন আমাদের সৌভাগ্য-দুর্ভাগ্যের যেকোনো একটি নির্ধারিত হয়ে কয়েক ঘণ্টা পার হয়ে যাবে। হয় আমরা আনন্দে উড্ডীন থাকব, নইলে উল্টোটা—‘বেচারা’ আখ্যা পেয়ে নিরানন্দে অধোবদন। তাই বলে অবস্থাটি একেবারে নৈরাশ্যে ভর করা মতন হবে, তা নয়। বিশ্বকাপ ক্রিকেট আমাদের অত সহজে অন্যদের খেলা দেখার জন্য ছেড়ে দেবে, সেটি হচ্ছে না। কোয়ার্টার ফাইনালে যাওয়ার দুরাশা ভর করিয়ে রাখবেই। কঠিন আর একটি খেলার দিকে তাকিয়ে থাকতে হবে। ক্রিকেট জগতের আরেক মহাশক্তি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই খেলা। সহজ প্রতিপক্ষ নয় মোটেই।তার মানে এই দাঁড়াল যে আমরা নানা রকম ফ্যাচাং আর হ্যাপা-ঘাপলায় পড়ে গেছি। বা বলা যায়, ফাঁদের গর্তে পা আটকে রয়েছে। অবস্থাটি এমনই যে না কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত হয়েছে, না একেবারে বাতিল হয়ে ঘরে বসে আছি। ঝুল-ঝুলন্ত অবস্থা। থার্ড পার্টির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ওই ওয়েস্ট ইন্ডিজের কাছে বেকায়দা হারের পর ৬ পয়েন্ট পেয়েও স্বস্তিতে থাকার উপায় নেই। এখন আবার ওদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। উঁকি দিতে হচ্ছে ইংল্যান্ডের দরজায়ও। ওয়েস্ট ইন্ডিজের জন্য কদিন ধরে বলাবলি চলল, ‘বড় একটা হারের ব্যবস্থা করে দাও ইংল্যান্ডের।’ আর ইংল্যান্ডকে বলতে ইচ্ছে হয়েছে যে ‘অহেতুক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কী লাভ। বরং আমাদের জন্য দরজাটা খুলে দাও।’তো এই লেখা কাগজে বের হওয়ার সময়টিতে আর ওসব কথার মূল্য থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের জন্য দোয়া করাও ক্ষ্যান্ত হয়ে যাবে আগেই, ইংল্যান্ডকে নিয়ে ভাবনাও আর থাকবে না। আবার ‘যার যার তার তার’ বা বলা যায় ‘কেহ কারো নয়’ ব্যাপারটি চালু হয়ে থাকবে। একটা দিক ভালো হবে যে পরমুখাপেক্ষী থাকার অবস্থাটি থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারব। নিজ শক্তির ওপর নির্ভর করতে পারব।এখন আগামী খেলা নিয়ে ভাবাই উচিত হবে। যুদ্ধটা খুব সহজ হবে না যে তা নিশ্চিত করে বলা যায়। কিন্তু যদি আমাদের ছেলেরা জিতে যায়, তো আনন্দের আর সীমা থাকবে না। ‘কোয়ার্টার ফাইনাল অর নো কোয়ার্টার ফাইনাল’—নাম ফাটবে ক্রিকেট জগতে। সবাই বলবে চার-চারটি খেলায় জিতেছে টাইগাররা। বড় বড় দলকে হারাতে পেরেছে।আমার মনে হয়, টাইগাররা একটু হুঁশ ঠিক করে খেলতে থাকলে হাড্ডাহাড্ডি লড়াইটা জমবে। আর তা হলে জেতাটাও অসম্ভব হবে না। দক্ষিণ আফ্রিকার গত খেলাটিকে ডিসেকশন করলে বোঝা যাবে আসলে আমাদের মতনই অবস্থা। টপ অর্ডার ধসে গেলে অন্যরা দু-একজন ঠেকিয়ে ফেলে। যেমন সফিউল আর রিয়াদরা কাণ্ডটি করেছিল কদিন আগে।তো এই ধসা-টসা চলবে না। তার মানে শুধু তামিম, ইমরুল, জুনায়েদ বা সাকিব নয়, সবাইকে কনট্রিবিউট করতে হবে কিছু কিছু করে হলেও। সবারই হাত থেকে যদি রান আসে, তবে বড় একটি স্কোর দাঁড়াবে। আমাদের বোলাররা তো ভালো খেলছেই। তাদের ওপর ভরসা আছেই। মোট কথা প্রোটিয়াসদের নার্ভাস করাবার মতো অবস্থা তৈরি করতে পারলেই ‘কেল্লা ফতেহ’ সম্ভব। দেশজুড়ে সমর্থকেরা তো থাকবেই। গ্যালারি টইটম্বুর থাকবে উচ্ছ্বাস-উৎসাহের জোগান দিতে।এসবের সঙ্গে আরও বলতে ইচ্ছে করছে, এ পর্যন্ত যে অবস্থাটি চলল ‘শেষ ভালো যার সব ভালো’—কথাটি সব সময় একই রকমভাবে না-ও খাটতে পারে। মানে ‘বারে বারে হাল্লুক’ বচনের মতো ব্যাপারটি না-ও ঘটতে পারে। টেইল এন্ডারদের ওপর ভরসা করে চাপের বোঝা মাথায় চাপিয়ে দেওয়া চলবে না। শুরুর দিকের সবাইকে ভালো করতে হবে। মনে রাখা বাঞ্ছনীয় যে ‘মর্নিং শোজ দ্য ডে’। আবার সবাই জ্বলে উঠুক। জয় হোক টাইগারদের।