হারিয়ে যাচ্ছে দেশি স্ট্রাইকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল
এনামুল

সমস্যাটা অনেক দিন ধরে কুরে কুরে খাচ্ছে দেশের ফুটবলকে। দেশি স্ট্রাইকাররা বিদেশিদের সঙ্গে টক্করে পেরে উঠছেন না। দু-তিনজন কোনো রকমে টিকে থাকলেও অনেকেই ঢাকা পড়ছেন আড়ালে।
এ তালিকায় সবচেয়ে বড় দুটি নাম শাখাওয়াত রনি ও তকলিচ আহমেদ। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের পছন্দের খেলোয়াড় তাঁরা। কাঠমান্ডুতে গত এএফসি চ্যালেঞ্জ কাপে লাল-সবুজ জার্সি গায়ে গোল পেয়ে আলোচনায় ছিলেন দুজনই। প্রথমজন গত লিগে ৮ গোল নিয়ে স্থানীয়দের মধ্যে ছিলেন শীর্ষ গোলদাতা। সেই শাখাওয়াত এবার শেখ জামালে গিয়ে এখন অব্দি গোলের খাতাই খুলতে পারেননি। তাঁর সতীর্থ তকলিচ অবশ্য গোলের ঘরে একটা অঙ্ক বসাতে সক্ষম হয়েছেন।
দুজনই এই বিশ্বকাপের বছরে শেখ জামালে বেঞ্চ গরম করছেন। শাখাওয়াত চলতি লিগে ১৬ রাউন্ড শেষে প্রথম একাদশে ছিলেন মাত্র এক ম্যাচে। তিন-চারটি ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। তকলিচের তো একাদশেই থাকার সৌভাগ্য হয়নি। পাঁচ-সাত মিনিট করে খেলেছেন পাঁচ-ছয়টি ম্যাচে।

তকলিচ
তকলিচ

সনি নর্দে, এমেকা ডার্লিংটন ও ওয়েডসনকে রেখে কোচ যোসেফ আপুসি তকলিচ-রনিদের খেলাবেন না স্বাভাবিক। লিগে ডার্লিংটন ১৬ গোল নিয়ে সবার ওপরে। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েডসন। দুই স্ট্রাইকারের ঔজ্জ্বল্যে তকলিচ-শাখাওয়াতের ঠাঁই এখন বেঞ্চ।
বাস্তবতা মেনে তকলিচ বলছেন, ‘হ্যাঁ, হারিয়েই তো যাচ্ছি। নিয়মিত খেলতে পারছি না। বিদেশিরা ভালো খেলছে, এভাবে চলতে থাকলে ক্যারিয়ারই আর এগোবে না।’ অভিন্ন মত শাখাওয়াতেরও, ‘গতবার ভালো করলাম। এবার শেখ জামালে আরও ভালো করতে চেয়েছি। কিন্তু আমাদের তিন বিদেশি ফরোয়ার্ডই ভালো খেলছে বলে কোচ ওদের পরিবর্তন করেন না। মৌসুমটা খুব খারাপ কাটছে।’

শাখাওয়াত
শাখাওয়াত

বছর চারেক আগে ঘরোয়া ফুটবলে বেশ আলোড়ন তোলা স্ট্রাইকার এনামুল সুযোগ পেলেও অনেকটা যেন নিজের ছায়া হয়েই আছেন। চোট কাটিয়ে এবার মুক্তিযোদ্ধার জার্সিতে মৌসুমের প্রায় সব ম্যাচই খেলেছেন। অবশ্য আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেই তাঁকে বেশি ব্যবহার করেছেন কোচ। তবে তিন স্ট্রাইকার খেললে এনামুলও হন সেটির অংশ। এ পর্যন্ত গোল করেছেন মাত্র ১টি।
এনামুল সম্পর্কে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের মূল্যায়ন, ‘গোল পাওয়ার চেয়ে বড় কথা, সে কেমন খেলছে। চোট সেরে পুরোপুরি ফিট হলেও কাঙ্ক্ষিত এনামুলকে পাইনি এখনো।’ এনামুল নিজে বলছেন, ‘এই লিগে প্রায় পুরোপুরি মাঝমাঠে খেলছি। তাই গোল পাচ্ছি না। সামনের বছর যে দলেই যাই, অবশ্যই স্ট্রাইকার হিসেবে খেলতে চাইব। চোট কাটিয়ে এবার মাঠে ফেরাই আমার কাছে বড় প্রাপ্তি।’
উইংগার জাহিদ হোসেন তো মাঠেই নেই! এবার দলবদলের সময় মোহামেডান থেকে পুরো ৩৫ লাখ টাকা না পেলে সই করবেন না, এমন গোঁ ধরেছিলেন। সেই জাহিদ অনেকটা হারিয়েই গেলেন! সারা বছরই কোনো না কোনো চোট থাকে, যে কারণে ম্যাচ খেলেন না। এই ‘দামি’ ফুটবলারের নামের পাশেও লিগে গোল মাত্র ১টি!
তাঁর বন্ধু জাহিদ হাসান এমিলি মোহামেডানের অধিনায়ক এবং খেলছেন নিয়মিতই। স্বদেশি স্ট্রাইকারদের মধ্যে ১৬ রাউন্ড শেষে তিনি সর্বোচ্চ ৭ গোল করেছেন। ৩টি গোলই পেনাল্টিতে। কাজেই নিজের পারফরম্যান্স নিয়ে তাঁরও খুশি হওয়ার কিছু নেই।
দেশি স্ট্রাইকারদের অনুজ্জ্বল স্কোরশিটে মোহামেডানের তরুণ স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের গোল ৫টি। আর শেখ রাসেলের জার্সি গায়ে একটি হ্যাটট্রিক নিয়ে লিগ শুরু করা অভিজ্ঞ স্ট্রাইকার মিঠুন চৌধুরীর গোল মাত্র ৪টি। এ ব্যাপারে তাঁর কথা, ‘বেশির ভাগ সময়ই দলের প্রয়োজনে পেছন থেকে খেলি। তাই গোল কম।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রায়ই বলেন, ‘আমি চাই বিদেশিদের সঙ্গে লড়াই করে দেশি খেলোয়াড়েরা নিজের যোগ্যতায় একাদশে ঢুকবে।’ বাস্তবতা হলো, সেই লড়াইয়ে টিকতে পারছেন না দেশি স্ট্রাইকাররা।