হারিয়ে গেছে অ্যাওয়ার্ড নাইট
আবার কবে হবে বিসিবির অ্যাওয়ার্ড নাইট? সুনির্দিষ্ট উত্তর নেই কারও কাছেই। কেউ বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, অ্যাওয়ার্ড নাইট হতে হবে। হওয়াটা খুব জরুরি।’ কেউ বলেন, ‘অ্যাওয়ার্ড নাইট তো হবে। এটা নিয়ে কবে যেন আলোচনাও হলো...।’অ্যাওয়ার্ড নাইটের মতোই এ নিয়ে হওয়া আলোচনাও এখন স্মৃতির অতলে হারিয়ে যাওয়ার উপক্রম। সর্বশেষ কবে আলোচনা হয়েছে, সেটা বিসিবির কর্তাব্যক্তিরা মনে করতে না পারলেও বর্তমান পরিচালনা পরিষদের ১১তম সভা শেষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিটি সে আলোচনার ‘সাক্ষী’ হয়ে আছে। গত বছরের ২৫ অক্টোবর ওই সভার পর আরও অনেক তথ্যের সঙ্গে জানানো হয়েছিল, ‘আগামী ২৬ ডিসেম্বর ২০০৯ বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে বিসিবি অ্যাওয়ার্ড নাইটও।’বছর ঘুরে আরেকটি ২৬ ডিসেম্বরও এসে যাচ্ছে প্রায়। অ্যাওয়ার্ড নাইট এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের ২৬ ডিসেম্বর যে বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল বোর্ডের, সেটাও হয়নি এখনো। ২২ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের সর্বশেষ সভা শেষে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা এবং জরুরি সাধারণ সভা দুটোই অনুষ্ঠিত হবে। তবে অ্যাওয়ার্ড নাইটের ব্যাপারে এবার আর কিছু জানায়নি বোর্ড। গত বোর্ড সভায় যে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি! ক্রিকেটারদের কৃতিত্বের স্বীকৃতি দিতে ২০০৫ ও ২০০৬ পরপর দুই বছর দারুণ দুটি আলোকোজ্জ্বল রাত উপহার দিয়েছিল বিসিবি অ্যাওয়ার্ড নাইট। এর পর থেকেই ‘অ্যাওয়ার্ড নাইট’ ডুবে আছে অন্ধকারে! সাকিব-তামিম-শফিউলরা এখন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরার মনোনীতদের তালিকায় আসা শুরু করলেও নিজেদের বোর্ড থেকেই তাঁদের জন্য স্বীকৃতির কোনো ব্যবস্থা নেই। ক্রীড়া সাংবাদিকদের দু-একটা সংস্থার দেওয়া পুরস্কার আর গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের দিকেই চাতক পাখির মতো চেয়ে থাকেন সবাই।২০০৫ সালে প্রথমবার বিসিবির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন মোহাম্মদ রফিক, উদীয়মান ক্রিকেটার এনামুল হক জুনিয়র। পরের বছর শাহরিয়ার নাফীস বর্ষসেরা ক্রিকেটার ও ব্যাটসম্যানের দুটো পুরস্কারই পান। মেহরাব হোসেন জুনিয়র পান উদীয়মানের স্বীকৃতি। সে দুবারের অনুষ্ঠান দুটি ক্রিকেটারদের মনে এখনো দাগ কেটে আছে। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেমন বললেন, ‘জানি না, গত চার বছর এই অনুষ্ঠান কেন হলো না। ক্রিকেটারদের জন্যই শুধু না, পুরো ক্রিকেট অঙ্গনের জন্যই এটা অন্যরকম এক রাত হয়।’প্রথমবার বর্ষসেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পাওয়া মোহাম্মদ আশরাফুলেরও এ নিয়ে প্রশ্ন, ‘পৃথিবীর সব বোর্ডই তো বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেয়। আমাদের এখানে সেটা থেমে গেল কেন, বুঝলাম না।’ ২০০৬ সালে বর্ষসেরা ক্রিকেটার ও ব্যাটসম্যান শাহরিয়ার বললেন, ‘বিসিবি যদি আমাদের পুরস্কার দেয়, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার হয়। তাই অ্যাওয়ার্ড নাইটটা নিয়মিতই হওয়া উচিত।’এবারের আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনীতদের তালিকায় আসা তামিম ইকবালের কাছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট এক অতৃপ্তির নাম, ‘যে দুবার অ্যাওয়ার্ড নাইট হয়েছে, আমি তখনো জাতীয় দলে আসিনি। বাইরে থেকে শুনতাম অমুক পুরস্কার পেয়েছে, তমুক বর্ষসেরা হয়েছে। নিজের চোখে কখনো দেখা হয়নি।’ দেখার অপেক্ষায় আছেন তিনি, ‘নিজের দেশের বোর্ডের কাছ থেকে স্বীকৃতি পাওয়া সবচেয়ে বড় সম্মান। যখন পত্রিকায় বা টিভিতে ছবি দেখি, ডেল স্টেইন বা অন্য কেউ তার দেশের তিন-চারটা বর্ষসেরা পুরস্কার হাতে দাঁড়িয়ে, খুব খারাপ লাগে। আমরা কেন এটা পাই না? পুরস্কার যে-ই পাক, আমাদের মধ্যেই কেউ পাবে। তবু অনুষ্ঠানটা হোক।’তামিমরা চাইলেই তো আর হবে না, বিসিবিকে চাইতে হবে। তা সেই বোর্ড কি ভাবছে অ্যাওয়ার্ড নাইট নিয়ে? কেনই বা গত চার বছরে একবারও দেশের ক্রিকেটে এল না এই উত্সবের রাত? জানা গেছে, অ্যাওয়ার্ড নাইট আয়োজনের জন্য বোর্ড একটা বিশেষ কমিটি করলেও তাদের কাজের গতি ঘণ্টায় শূন্য কিলোমিটারের বেশি নয়। তবে সেই কমিটির সদস্য এবং বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের আনুষ্ঠানিক ব্যাখ্যা, ‘২০০৯ সালে দিন-তারিখ ঠিক করেও অ্যাওয়ার্ড নাইট করা যায়নি। কারণ এর জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছিল না। এরপর বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততায় আর হয়ে ওঠেনি। বোর্ডের চিন্তাভাবনায় অ্যাওয়ার্ড নাইট আছে। তবে সামনে বিশ্বকাপ, তার আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন সম্ভব কি না বলতে পারছি না।’অ্যাওয়ার্ড নাইটের আলো তাহলে অন্ধকারেই মিলিয়ে থাকছে!