হারিয়ে গেল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের চতুর্থ আসরে এসে বিদায় নিল চট্টগ্রামের দুটি দল—আবাহনী ও মোহামেডান। চট্টগ্রাম আবাহনীর অবনমন নিশ্চিত হয়েছিল অনেক আগেই। কাল আরামবাগের কাছে ‘জিততেই হবে ম্যাচে’ উল্টো ৩-২ গোলে হেরে নগর প্রতিদ্বন্দ্বীর পথেই হাঁটতে বাধ্য হলো চট্টগ্রাম মোহামেডান। এই দলের দুঃখের দিনে মুক্তির আনন্দ পেল ফরাশগঞ্জ। কাল চট্টগ্রাম মোহামেডান তাদের শেষ ম্যাচটায় জিতলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে অবনমিত হতো ফরাশগঞ্জ। তা থেকে রক্ষা পাওয়ায় ফরাশগঞ্জের আনন্দ যেন আর ধরে না! চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে জিতল আরামবাগ, অথচ কমলাপুর স্টেডিয়ামে উল্লাস করল ফরাশগঞ্জ। ঢাকার দল টিকে আছে—এই তৃপ্তি দেখা গেল অনেকের চোখে-মুখে। ফরাশগঞ্জের কোচসহ অনেকেই এলেন মাঠে। ম্যাচের পর তাঁরা আরামবাগের খেলোয়াড়দের কাছে যেন কৃতজ্ঞতাই জানালেন! কাল ৩৩ মিনিটে চট্টগ্রাম মোহামেডানকে এগিয়ে নেন জেরি। চার মিনিট পরই বাঙ্গুরা ইসমাইল ১-১ করেন। দুই মিনিট পর আবার বাঙ্গুরার গোল। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ২-২ করেন মিন্টু। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে বাঙ্গুরা নিশ্চিত করলেন আরামবাগের জয়। সেই সঙ্গে পূর্ণ হয়েছে তাঁর হ্যাটট্রিকও। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে ১২ দলের সপ্তম স্থানে আরামবাগ। ১৯ পয়েন্ট নিয়ে আগেই লিগ শেষ করেছে ফরাশগঞ্জ। চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১৭। চট্টগ্রাম আবাহনীর পাঁচ। মুক্তিযোদ্ধার জয়: রহমতগঞ্জের বিপক্ষে ৫-১ জয় দিয়ে কাল লিগ শেষ করেছে মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জেমস মগা ও মিঠুন দুটি করে গোল করেছেন। অন্য গোলটি বুকোলার। সুদানি স্ট্রাইকার মগার গোল মোট ১৯টি। এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা তাঁরই বেশি। ১৬ গোল করে দ্বিতীয় স্থানে মিঠুন। আরেকটি ম্যাচ পেলেও আবাহনীর ফ্রাঙ্কের পক্ষে (১৫ গোল) মিঠুনকে টপকে যাওয়া কঠিন। মুক্তিযোদ্ধা ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো এবারের লিগে। একটা সময় পর্যন্ত সাত পয়েন্ট এগিয়ে থেকেও রানার্সআপ হওয়াটা কোনো সান্ত্বনাই নয় মুক্তিযোদ্ধার জন্য।