হারিয়ে যাওয়া যুগোস্লাভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে যুগোগ্লাভিয়ার দ্রাগান স্টইকভিচ
১৯৯০ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে যুগোগ্লাভিয়ার দ্রাগান স্টইকভিচ

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৩৭ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৩৭’ সংখ্যাটি নিয়ে—

এককালের মাঝারি ফুটবল-শক্তি যুগোস্লাভিয়া এখন পৃথিবীর বুকে বিলুপ্ত এক নাম। নব্বইয়ের দশকে রাজনৈতিক অস্থিরতা আর গৃহযুদ্ধ ভেঙে খান খান করে দিয়েছে এই বলকান-রাষ্ট্রটিকে। মার্শাল টিটোর যুগোস্লাভিয়া এখন বিভক্ত ছয়টি স্বাধীন রাষ্ট্রে। অথচ যুগোস্লাভিয়া নামেই আটবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার অভিজ্ঞতা আছে এই সাবেক দেশটির।

সাবেক যুগোস্লাভিয়া বিশ্বকাপের ইতিহাসে মাঠে নেমেছে মোট ৩৭বার। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে পৌঁছে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিল তারা। ১৯৬২ সালে আরও একবার সেমিতে খেললেও বিশ্বকাপের ময়দানে আর কখনোই বড় স্বপ্ন দেখা হয়ে ওঠেনি দেশটির। আশি-নব্বইয়ের দশকে যুগোস্লাভ ফুটবলার দ্রাগান স্টইকভিচের নামটা হয়তো এখনো গেঁথে আছে অনেক ফুটবলপ্রেমীর স্মৃতিতে।

যুগোস্লাভ ফুটবলের উত্তরাধিকারটা এক অর্থে ক্রোয়েশিয়ারই। নব্বইয়ের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়ার হয়ে খেলা রবার্ট প্রসিনেস্কি ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে খেলেছিলেন ক্রোয়াট জার্সি গায়ে। সেবার সবাইকে অবাক করে দিয়ে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল যুগোস্লাভিয়া ভেঙে তৈরি এই ছোট্ট দেশটি। আরও নির্দিষ্ট করে বললে চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্সআপ ব্রাজিলের পরের স্থানটিতেই ছিল ক্রোয়েশিয়া।

আটানব্বইয়ের পর ক্রোয়েশিয়া পৃথিবীর বুকে এক ফুটবল শক্তিই। এরপরের প্রতিটি বিশ্বকাপেই ক্রোয়েশিয়ার আছে সদম্ভ উপস্থিতি। বিশ্বকাপে এর আগে পা রেখেছে যুগোস্লাভিয়ার অন্য উত্তরাধিকাররাও। সার্বিয়া তো গত বিশ্বকাপে জার্মানিকে হারিয়েই দিয়েছিল। স্লোভেনিয়ারও দুবার খেলা হয়ে গেছে বিশ্বকাপ। এবারের ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার উপস্থিতি যুগোস্লাভ ফুটবলের ঐতিহ্যটাকেই যেন জানান দিয়ে যাচ্ছে।

৩৭ সংখ্যাটি আরও দুটো কারণে বিশ্বকাপে স্মরণীয় হয়ে আছে। ১৯৯৮ বিশ্বকাপে ৩৭ জন খেলোয়াড় কমপক্ষে দুটো করে গোল করেছিলেন। এটাই এক আসরে কমপক্ষে দুটো গোল করা সর্বাধিক খেলোয়াড়ের রেকর্ড। তবে এই ৩৭ সংখ্যাটির কারণে অন্যভাবে ‘বিখ্যাত’ হয়ে আছেন বাহরাইনের রাশেদ আল হুতি। এবারের বাছাই পর্বে ইরানের বিপক্ষে ম্যাচে শুরুর বাঁশি বাজার মাত্র ৩৭ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে আত্মাহুতি দিয়েছিলেন এই আল হুতি। বাছাই পর্বে দ্রুততম সময়ে লাল কার্ড দেখার রেকর্ড এটি।