হারিয়ে যাওয়া ৩৮ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সেই দিন-রাত ওলটপালট হয়ে যাওয়া—এখানে সন্ধ্যা, ওখানে প্রভাত। মাত্রই সেন্ট লুসিয়ার ‘পাম হাভেন’ হোটেলে চেক ইন করেছি। বারবাডোজে প্লেন নামার সময়ই মিলিয়ে নিয়েছিলাম হাতঘড়ির কাঁটা। সেটি দেখাচ্ছে রাত সাড়ে নয়টা। ল্যাপটপে বাংলাদেশের সময়টাই রয়ে গেছে। সেটি বলছে, সকাল সাড়ে সাতটা। এখানে নিঝ্ঝুম, তিন তলার ছোট্ট বারান্দায় দাঁড়ালে ঝিঁঝির মতো একটা আওয়াজও শুনতে পাচ্ছি। আর কল্পনায় দেখতে পাচ্ছি, ঢাকার ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু হয়ে গেছে।লিখতে বসেছি ঠিকই, কিন্তু সেটি শেষ করতে পারব বলে মনে হচ্ছে না। মাথা ঝিমঝিম করছে, শরীরের প্রতিটি কোষে অবসাদ। ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন, লন্ডন থেকে বারবাডোজ, বারবাডোজ থেকে সেন্ট লুসিয়া। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।দুবাই-লন্ডনেও ঘণ্টা দুয়েক করে বিরতি ছিল, সেটি তেমন গায়ে লাগেনি। কিন্তু বারবাডোজ এয়ারপোর্টে পাঁচ ঘণ্টার যাত্রাবিরতিটা বড় দুঃসহ লাগল। শেষ এক ঘণ্টা তো মনে হলো এক বছর! হিসাব করে দেখছি, ঢাকার বাসা থেকে বেরোনোর সময় থেকে সেন্ট লুসিয়ায় হোটেল রুমে ঢোকার মাঝখানে পেরিয়ে গেছে প্রায় ৩৮ ঘণ্টা! জীবন থেকে এমন কত সময় আকাশ আর এয়ারপোর্টেই হারিয়ে গেল!বারবাডোজে অতটা সময় থাকতে হওয়ায় একটা লাভ অবশ্য হয়েছে। ইন্টার মিলান-বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগটা সরাসরি দেখতে পেলাম। বাংলাদেশে এই খেলা দেখতে রাত জাগতে হয়। এখানে সময়টা বড় সুন্দর—বিকেল। খেলা দেখতে এয়ারপোর্টের বারের সামনে বিশাল জটলা। বিদেশি যাত্রীর তুলনায় পোর্টার স্থানীয় বাজানই বেশি। শেষ পর্যন্ত অর্থহীন বলে প্রমাণিত বার্সেলোনার গোলটা হতেই সে কী চিৎকার! মাদ্রিদের মানুষের বাইরে বাকি বিশ্বই কি তাহলে বার্সার সুন্দর ফুটবলে বুঁদ? ব্যতিক্রম পেলাম তরুণ বারটেন্ডারকে। ম্যাচ শেষ হতেই বিকট চিত্কার। কী ব্যাপার, ইন্টারকে সাপোর্ট করো নাকি? বারটেন্ডারের মুখে হাসি, ‘আজ আমি ইন্টার। এক দলই শুধু জিতে গেলে ভালো লাগে না।’টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে এসে ফুটবল! আরও অনেক বিচিত্র ব্যাপারই ঘটবে, এই কলাম তো টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়, এক সাংবাদিকের নিতান্তই ব্যক্তিগত ডায়েরি। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য পুরো যাত্রাপথেই সঙ্গী হয়ে থাকল। দুবাইয়ে লন্ডনের ফ্লাইটে ওঠার সময় হঠাত্ দেখি পাশে যুবরাজ সিং। একে একে দেখা মিলল পুরো ভারতীয় দলেরই। সবার মুখে ক্লান্তির আঁকিবুঁকি। দুবাই পর্যন্ত আসতেই এত ক্লান্তি! ক্লান্তিটা আসলে আইপিএলের। ছয় সপ্তাহ ধরে এক শহর থেকে আরেক শহরে—ভারতীয় ক্রিকেটাররা তো ট্যুরেই ছিলেন!বাকি সব দল ওয়েস্ট ইন্ডিজে এসে প্রস্তুতি ম্যাচ-ট্যাচ খেলে ফেলেছে, আর ধোনির দল এখনো পথে! টানা খেলা নিয়ে ক্রিকেটাররা সুযোগ পেলেই অভিযোগ করেন। আর এখানে ধোনিদের মুখে রা-টি নেই। আইপিএল মানেই যে টাকার বস্তা। ‘মানি টকস্’—কথাটা প্রথম কে বলেছিলেন, ভাই! তাঁকে ধন্য মানি।বারবাডোজ এয়ারপোর্টে স্যুটকেসের অপেক্ষায় থাকার সময়ও ‘আইপিএল’-এর সঙ্গে দেখা। রোববার মুম্বাইয়ে আইপিএল ফাইনাল করেছেন, পরদিনই প্লেনে উঠে রুডি কোয়ের্তজেন যাচ্ছেন গায়ানায়। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন। এর আগে অনেকবার দেখা হলেও সৌজন্য বিনিময়ের বাইরে কোনো কথা হয়নি। আজ দক্ষিণ আফ্রিকান আম্পায়ার নিজে থেকেই বললেন, ‘আইপিএল নিয়ে কীসব হচ্ছে! ভেরি স্যাড! এত ভালো একটা টুর্নামেন্ট।’ আবারও মনে হলো—মানি টকস্!এমপি সাহেবেরও আইপিএলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুমুল ঔত্সুক্য—লেটেস্ট কী? মোদি কি ফিনিশড্? ‘এটা তো মোদিরই টুর্নামেন্ট। ক্রিকেটারদের চেয়ে ওকেই টিভিতে বেশি দেখাত’—বলে খুব হাসলেন। ওহো, এমপি সাহেবের পরিচয়টাই তো দিইনি। সনাত্ জয়াসুরিয়া!বারবাডোজ এয়ারপোর্টেই দেখা। সকালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে শ্রীলঙ্কা দল যাচ্ছে গায়ানায়। এই বিশ্বকাপই সম্ভবত প্রথম কোনো এমপিকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখবে। কেমন লাগছে রাজনীতিকের জীবন? ‘মাত্রই তো শুরু করলাম। এখনো ঠিক বুঝে উঠতে পারছি না’—জয়াসুরিয়ার মুখে চির অমলিন সেই হাসি। উপমহাদেশে সর্বশেষ বিশ্বকাপেই উত্থান, আগামী বছর আবার সেই উপমহাদেশে ফিরছে বিশ্বকাপ—জয়াসুরিয়া থাকবেন এবারও? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, ‘দেখি, এই বছরটা কেমন যায়!’আর পারছি না রে ভাই! ভোরে ঘুম থেকে ওঠার বিড়ম্বনা এড়াতেই এই বিধ্বস্ত শরীর নিয়ে লিখতে বসেছি। বিছানায় গেলে কখন ঘুম ভাঙবে, কে জানে!২৮ এপ্রিল, সেন্ট লুসিয়া