হারিয়ে যাবে পুরুষ কাবাডি?
সর্বশেষ কবে আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিয়েছিলেন তা মনেই করতে পারছিলেন না জিয়াউর রহমান। খানিক স্মৃতি হাতড়ে বললেন, ‘শেষবার ইন্দোনেশিয়ায় বিচ কাবাডিতে খেলেছি ২০০৮ সালে।’ একসময়ের বিশ্বসেরা রেইডার এরপর চোটের কারণে ঢাকায় এসএ গেমসে খেলতে পারেননি। কিন্তু পুরুষ কাবাডি দলও এরপর খুব বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়নি। তিন বছর আগে সর্বশেষ গুয়াংজুতে এশিয়ান গেমসে খেলেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আন্তর্জাতিক কাবাডি তাদের কাছে সেই থেকেই স্মৃতি।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কিন্তু সেটি এখন ধ্বংস হওয়ার পথে। বিশেষ করে এশিয়ান গেমস থেকে ৩ রুপা ও ২ ব্রোঞ্জজয়ী পুরুষ দলের প্রতি সব সময় বিমাতাসুলভ আচরণ করে ফেডারেশন। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দল পাঠানোর আগে বিবেচনায় আসে মহিলা কাবাডি দলের নাম। দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করলে সেটাও মহিলাদের! আগামী মাসে অন্ধ্র প্রদেশে ভারতের রাজ্যদলগুলোকে নিয়ে অনুষ্ঠেয় আমন্ত্রণমূলক কাবাডিতে খেলবে মহিলা দল। পুরুষ দল পাঠানোর প্রয়োজন মনে করেনি ফেডারেশন। আগামী বছর দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসে কাবাডি দল পাঠানোর জন্য ফেডারেশন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) ১০ ডিসেম্বর একটি চিঠি দেয়। বিওএ বিবেচনায় নিয়েছে শুধু মহিলা দলকে! মহিলা দলের নাম নিবন্ধনপ্রক্রিয়াও শেষ। খবরটা শুনে নড়েচড়ে বসেছে ফেডারেশন। শেষ মুহূর্তে বিওএ কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে যাতে পুরুষ দলকেও এশিয়ান গেমসে পাঠানো হয়। না হলে যে ফেডারেশনের সম্মান থাকে না!
ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুই মাস ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। কবে আসবেন ঠিক নেই। ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান বললেন, ‘জানুয়ারির ১৩ তারিখ দেশে আসার সম্ভাবনা আছে সেক্রেটারির। উনি না এলেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে পুরুষ দলটিকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা যায়।’ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস সামনে রেখে ১০টি ফেডারেশনের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করবে বিওএ। এর মধ্যে আটটি ফেডারেশনের খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি বাজেট নিয়ে বিওএ সভা ডেকেছে ৩১ ডিসেম্বর। যেখানে সংশ্লিষ্ট আট ফেডারেশনের সাধারণ সম্পাদকদেরই থাকতে হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক যে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন!
কাবাডি দলের এমন দুর্দশায় হতাশ বাংলাদেশকে এশিয়ান গেমসে তিনটি পদক জেতানো কোচ আবদুল জলিল, ‘একসময় পুরুষ কাবাডি দল নিয়ে গর্ব করতাম আমরা। সেটা শেষ হয়ে যাচ্ছে। ফেডারেশনের অবহেলায় কাবাডি একদিন হারিয়ে যাবে। এশিয়ান গেমসে যদি পুরুষ দল না যেতে পারে, তাহলে খেলাটাই উঠে যাবে।’ এশিয়ান গেমসে পুরুষ দল খেলতে পারবে কি না, সেটা নিয়ে অবশ্য সংশয় আছে। বিওএর উপমহাসচিব আশিকুর রহমান (মিকু) কাল জানালেন, ‘মহিলা কাবাডি দলের এন্ট্রি এরই মধ্যে পাঠিয়েছি। তবে পুরুষ দল পাঠানোর ব্যাপারে চেষ্টা করছি। আশা করি, পুরুষ দলকেও এশিয়ান গেমসে পাঠাতে পারব।’
এশিয়াড কাবাডিতে বাংলাদেশ
সাল ভেন্যু পদক
১৯৯০ (পুরুষ) বেইজিং রুপা
১৯৯৪ (পুরুষ) হিরোশিমা রুপা
১৯৯৮ (পুরুষ) ব্যাংকক ব্রোঞ্জ
২০০২ (পুরুষ) বুসান রুপা
২০০৬ (পুরুষ) দোহা ব্রোঞ্জ