হারিয়ে যাবে বিজেএমসি?
আশির দশকে হারিয়ে গিয়েছিল বিজেএমসি ফুটবল দল। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের হাত ধরে প্রায় ২৯ বছর পর এটির পুনর্জন্ম। তিন মৌসুম আগে ঘটা করে ফুটবলে ফিরে আসা সেই বিজেএমসি এখন টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত!
বিজেএমসির ফিরে আসার পটভূমি ব্যাখ্যা করা প্রয়োজন। সে সময় সরকারি এই সংস্থার ক্রীড়া পরিচালকের পদ তৈরি করে নিয়োগ দেওয়া হয় আরিফ খান জয়কে। কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে জয় নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেলেন সরকারের ক্রীড়া উপমন্ত্রীর পদ। বিজেএমসির পরিচালক পদ তাঁকে ছাড়তে হয়েছে। নতুন কাউকে এ পদে এখনো সরকার নিয়োগ দেয়নি। এই অবস্থায় বিজেএমসি ফুটবল দল পরিচালনা ও নীতিনির্ধারণের বিষয়ে স্থবিরতা নেমে এসেছে। সব মিলিয়ে বিজেএমসি ফুটবল দল এখন অনেকটাই অভিভাবকহীন।
২০১১-১২ মৌসুমে ফিরেই ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছিল বিজেএমসি। লিগে গত দুই মৌসুমে চতুর্থ। কিন্তু এবার শুরু থেকেই ধুঁকছে দলটি, চলমান লিগে আছে সপ্তম স্থানে। দল পরিচালনায় শৃঙ্খলাহীনতায় অসন্তোষ আছে কোচ-খেলোয়াড়দের মনে। নিয়মিত অনুশীলন হয় না মাস খানেক ধরে। বিদেশি খেলোয়াড়েরা ক্লাবে থাকেন না বললেই চলে। স্ত্রী অন্ত্বঃসত্তার কথা বলে ক্যামেরুনে যাওয়া দলের অন্যতম বড় ভরসা ইকাঙ্গা এখনো ফেরেননি। লিগের দ্বিতীয় পর্বে ফেনী সকারের সঙ্গে ম্যাচের আগে শুধু ওয়ার্মআপ করে মাঠে নামে বিজেএমসি। সেটিরই ফল হার!
ফুটবলার, কোচ, কর্মকর্তাদের নিয়মিত বেতন হচ্ছে না। গত তিন মাসের বকেয়া বেতনের কিছু অংশ নিজে দিয়েছেন বলে জানালেন ক্রীড়া উপমন্ত্রী জয়। বাকি বেতন কীভাবে, কোথা থেকে আসবে, সেসব নিয়েই উদ্বিগ্ন সবাই। এর প্রভাব পড়ছে মাঠেও। আগামী মৌসুমে আদৌ দল গড়া হবে কি না, সেই অনিশ্চয়তাও আছে অনেকের মনে। তবে কি আবার থেমে যাবে বিজেএমসির পথচলা?
জয় বলছেন, ‘যেভাবে দল চলছে, তাতে হারিয়ে যাওয়ার শঙ্কাটা থাকেই। বিশেষ করে এ সরকার চলে গেলে কী হবে, সেটিই আমি ভাবছি। তবে ২৯ বছর তো ছিল না বিজেএমসি। আমি আসার পর আবারও খেলছে দল।’ যেভাবে অভিভাবকহীন হয়ে পড়েছে বিজেএমসি, তাতে উদ্বিগ্ন সাবেক এই ফুটবলার, ‘আমি চলে আসার পর সত্যিই দলটা অভিভাবক হারিয়েছে। আমি দলটি তৈরি করেছি অনেক কষ্টে। এটি আমার সন্তানের মতো। এখন দলের অবস্থা দেখে খুব খারাপ লাগে। তবে আমি চাই না বিজেএমসি হারিয়ে যাক।’
জয়ের সহোদর বর্তমান অধিনায়ক অমিত খান শুভ্র চেষ্টা করে যাচ্ছেন দল টিকিয়ে রাখতে, ‘বিজেএমসি ফুটবল দল টিকিয়ে রাখতে মন্ত্রীর (বস্ত্র ও পাট) সাহায্য প্রয়োজন। জয় ভাই নেই, মন্ত্রী সাহায্য না করলে দলটা হয়তো হারিয়েই যাবে। আমি চেষ্টা করছি। অনেক জায়গায় দৌড়াচ্ছি। কিন্তু সেভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’
বিজেএমসির নতুন শুরুর সময় খুব কাছে থকে দেখেছেন গত দুই মৌসুমের কোচ জাকারিয়া বাবু। সেই দলের এমন অবস্থা দেখে খুবই হতাশ তিনি, ‘এমন অবস্থা দেখলে খারাপ লাগাই স্বাভাবিক। আমার সময় যদিও কোনো সমস্যা হয়নি; এখন কেন হচ্ছে, তা জানাই। বাইরে থেকে আমরা শুধু আফসোস করতে পারি। কিন্তু বিজেএমসি ফুটবল দল টিকিয়ে রাখার সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। আশা করি সরকার সেদিকে নজর দেবে।’
২৭ এপ্রিল বিজেএমসির পুনর্জন্মের তিন বছর পূর্তি। বেড়ে ওঠা চারা গাছটা অযত্নে অবহেলায় আবার শুকিয়ে যাবে না তো?