হারুন আবার হকি দলের কোচ
১৫ অক্টোবরের মধ্যে এসএ গেমসের ক্যাম্প শুরু করতে হকি ফেডারেশনকে সময়সীমা বেঁধে দিয়েছে বিওএ। সেই অনুযায়ী ওই দিনই বিকেএসপিতে হকির ক্যাম্প শুরু হবে।
মাহবুব হারুনকে আবার দেওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব। ২০১৩ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়া কাপে পাকিস্তানি কোচ নাভিদ আলমের সহকারী ছিলেন। ওই প্রতিযাগিতায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কয়েকজন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল হকি ফেডারেশন। দায়িত্ব থেকে অব্যাহতি পান হারুন। সেই থেকে এত দিন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। এবার ফিরে সহকারী হিসেবে পাচ্ছেন তারিকুজ্জামান নান্নু ও আলমগীর আলমকে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বললেন, ‘হারুনকে এসএ গেমসের দায়িত্ব দিচ্ছি আমরা।’ হারুনও তৈরি বলেই মনে হলো, ‘দায়িত্ব নেব না এমন চিন্তা আমার নেই।’ তবে বড় প্রশ্ন হলো, বিদ্রোহী খেলোয়াড়েরা ক্যাম্পে যাবেন তো? ঈদের আগে ক্যাম্প ডাকলেও দলবদলের দাবিতে সার্ভিসেস দলের বাইরের ২০-২২ জন খেলোয়াড় ক্যাম্পে যাননি।
খাজা রহমতউল্লাহ এ প্রসঙ্গে বলছেন, ‘কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। ওরা দলবদলের তারিখ চায় আগে। ফেডারেশনের নির্বাহী কমিটি ছাড়া দলবদলের তারিখ দেওয়া সম্ভব নয়। যারা আসবে তাদের নিয়েই ক্যাম্প হবে। আশা করি জাতীয় স্বার্থে সবাই আসবে।’
জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি ঈদের আগে রিপোর্টই করতে যাননি ফেডারেশনে। কদিন আগে হংকং খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু চার মাসের ভিসা না পাওয়ায় যেতে পারেননি। জাতীয় দলের ক্যাম্পে যাওয়া প্রসঙ্গে কাল বললেন, ‘আমার সঙ্গে কেউ কথা বলেনি। তাই কী করব এখনো ঠিক করিনি। দেখা যাক।’ আরেক স্ট্রাইকার পুষ্কর খীসা মিমোর কথা, ‘কাল (আজ) সবাই বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’