হারে শুরু, হারেই শেষ
যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ সালে ২৬ ডিসেম্বর। দীর্ঘ ২১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা শেষ হলো গতকাল ২৮ জুন। শুরুর দিনে সনত্ জয়াসুরিয়া পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কাছে হারের তিক্ত স্বাদ। বিদায় বেলার চিত্রটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচের মতো শ্রীলঙ্কার জার্সি গায়ে নিজের শেষ ম্যাচেও হারলেন এই তারকা অলরাউন্ডার।জয়াসুরিয়ার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কার হারের ব্যবধানটাও কম নয়—১১০ রানে। বৃষ্টির বাধায় ৫০ ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় ৩২ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২২৯ রান তোলে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ২৭ ওভারে ১২১ রান তুলতেই শ্রীলঙ্কা অলআউট!গতকাল মঙ্গলবার রাতের এই ম্যাচে ব্যাটে-বলে দুই দিকেই ব্যর্থ হন জয়াসুরিয়া। ৬ ওভার বোলিং করে দেন ৪৬ রান। কুড়োলেন মাত্র একটি উইকেট। আর ব্যাট হাতে নিয়ে পেলেন মাত্র দুটি রান। তাই বিদায়ী ম্যাচে সতীর্থ ও ভক্তদের ভালোবাসাই জয়াসুরিয়ার একমাত্র প্রাপ্তি হয়ে থাকল। চলতি মাসের শুরুতে প্রথম চমকটা দেন লঙ্কান নির্বাচকেরা, বেয়াল্লিশ ছুঁই ছুঁই জয়াসুরিয়াকে ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে ফিরিয়ে। ২০০৯ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলার সুযোগ পান জয়াসুরিয়া। এরপর দীর্ঘ সময় থেকে যান উপেক্ষিত। নির্বাচকদের আস্থা পাওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে সবচেয়ে বড় চমকটা দেন জয়াসুরিয়া নিজেই। জানিয়ে দেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে বিদায়টা তেমন দাগ কাটার মতো হলো না জয়াসুরিয়ার। ওয়েবসাইট।